আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় দলে প্রত্যাবর্তন হতে চলেছে সাইরাজ বাহতুলের। এবার কোচ হিসেবে। স্পিন বোলিং কোচ হিসেবে গৌতম গম্ভীরের কোচিং দলে যোগ দেবেন বাহতুলে। বর্তমানে তিনি পাঞ্জাব কিংসের স্পিন বোলিং কোচ। আইপিএল পর্যন্ত চুক্তি রয়েছে মুম্বই এবং ভারতের প্রাক্তন তারকা স্পিনারের সঙ্গে। শুক্রবার বোর্ডের এক সূত্র বলেন, 'পরের দু'বছরের জন্য সাইরাজ বাহতুলে স্পিন বোলিং কোচ হিসেবে টিম ইন্ডিয়ায় যোগ দেবে। ভারতীয় স্পিনারদের গাইড করার জন্য একজন স্পিন বোলিং কোচের প্রয়োজন ছিল। টিম ইন্ডিয়ার হেড কোচ এবং বিসিসিআইয়ের কর্তারা বাহতুলের সঙ্গে কথা বলে।'
জুন মাসে আফগানিস্তানের বিরুদ্ধে হোম সিরিজ দিয়ে শুরু করবেন বাহতুলে। ১৯৯৭ থেকে ২০০৩ সালের মধ্যে ৫৩ বছরের প্রাক্তন তারকা ভারতের হয়ে দুটো টেস্ট এবং আটটি একদিনের ম্যাচ খেলেন। নেন পাঁচ উইকেট। মোট ১৮৮ প্রথম শ্রেণির ম্যাচ খেলেন। তুলে নেন ৬৩০ উইকেট। গড় ২৬.০০। ব্যাট হাতে করেন ৬১৭৬ রান। গড় ৩১.৮৩। কোচ হিসেবে ভারতীয় দলে প্রথম নয়।

রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণের জমানায় প্রায় ১০ সফর এবং সিরিজে বোলিং কোচ এবং স্পিন বোলিং পরামর্শদাতা হিসেবে ছিলেন বাহতুলে। ২০২৪ নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় ভারতের সাদা বলের সিরিজে হেড কোচ ছিলেন। গত বছর ওমানে যাওয়া ভারতের ইমার্জিং দলেরও হেড কোচ ছিলেন তিনি। ২০২৩ এশিয়ান গেমস, শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ড সফরে বোলিং কোচের ভূমিকায় ছিলেন সাইরাজ।
ভারতীয় দলের সঙ্গে প্রচুর অভিজ্ঞতা রয়েছে। ২০২২-২৩ সালে রাহুল দ্রাবিড়ের জমানায় ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্পিন বোলিং পরামর্শদাতা ছিলেন। বেঙ্গালুরুতে বোর্ডের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেও স্পিন বোলিং কোচ ছিলেন। ২০২১ থেকে ২০২৪, সাড়ে তিন বছর সেখানে কাটান। ২০১৮-২১ রাজস্থানের স্পিন বোলিং কোচ ছিলেন। তারপর আবার ২০২৫ সালে একই দায়িত্ব নেন। ঘরোয়া ক্রিকেটেও একাধিক দলের কোচ ছিলেন। তালিকায় রয়েছে বাংলা, বিদর্ভ, কেরল এবং গুজরাট। বর্তমানে গম্ভীরের কোচিং দলে আছেন ব্যাটিং কোচ শীতাংশু কোটাক, ফাস্ট বোলিং কোচ মর্নি মরকেল, ফিল্ডিং কোচ টি দিলীপ এবং সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। সেই দলে যোগ দেবেন বাহতুলে। দু'বছরের জন্য তাঁর সঙ্গে চুক্তি বিসিসিআইয়ের।















