আজকাল ওয়েবডেস্ক:‌ টানা চারটি ম্যাচ খেলতে পারলেন না রোহিত শর্মা। তিনি এখনও সুস্থ নন?‌ এই প্রশ্ন উঠছে। আইপিএল চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন হিটম্যান। তার পর থেকে আর খেলতে পারেননি তিনি। টানা চার ম্যাচে দলের বাইরে রয়েছেন। রোহিত কতটা সুস্থ তা নিয়ে মুখ খুলেছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া।


অধিনায়ক জানিয়েছেন, ম্যাচ খেলার জন্য যতটা সুস্থতা দরকার ততটা সুস্থ এখনও হতে পারেননি রোহিত। মুম্বইয়ের অধিনায়ক বলেছেন, ‘‌রোহিতের মাঠে নামতে আরও কয়েকটা ম্যাচ লাগবে। ও চেষ্টা করছে। কিন্তু খেলার জন্য যতটা সুস্থতা দরকার তা এখনও পায়নি। তাই ও খেলছে না।’‌


এদিকে, নেটে অনুশীলন করতে দেখা যাচ্ছে রোহিতকে। নেটে দেখে মনে হচ্ছে না খুব একটা সমস্যা হচ্ছে। কিন্তু নেটে ব্যাট করা আর মাঠে খেলার মধ্যে পার্থক্য রয়েছে। ম্যাচ ফিট এখনও হতে পারেননি রোহিত। সেই কারণেই তাঁকে খেলানো হচ্ছে না।


এটা ঘটনা, গত ১২ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন রোহিত। ব্যাট করতে করতেই উঠে যান তিনি। তার পর থেকে দলের মেডিক্যাল দলের নজরে রয়েছেন তিনি।  তাঁর সুস্থ হতে সময় লাগছে। 


এদিকে, হেরেই চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। এবার ২৪৩ রান করেও হারতে হল সানরাইজার্স হায়দরাবাদের কাছে। নয় নম্বরে চলে গিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। আট ম্যাচে পয়েন্ট চার। জয় মাত্র দুটিতে। হার ছটিতে।


হায়দরাবাদের বিরুদ্ধে ২৪৩ রান তুলেও ৬ উইকেটে হেরে গেল মুম্বই। কাজে এল না রায়ান রিকলটনের ১২৩ রানের অপরাজিত ইনিংস। প্রথমে ব্যাট করে মুম্বই করে ৪ উইকেটে ২৪৩। জবাবে ১৮.৪ ওভারে ৪ উইকেটে ২৪৯ হায়দরাবাদের। এই নিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল প্যাট কামিন্সের দল।