আজকাল ওয়েবডেস্ক: চিন্নাস্বামী থেকে সরে গিয়েছে আইপিএল ফাইনাল। প্লে–অফের কোনও ম্যাচও দেওয়া হয়নি বেঙ্গালুরুতে। ফাইনাল সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আমেদাবাদে। গতবার আইপিএল ফাইনালও ইডেন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল আমেদাবাদে।
ফাইনাল করার মতো পর্যাপ্ত পরিকাঠামো নেই। এই কারণেই বোর্ড ম্যাচ সরিয়ে দিয়েছে। এটাই জানা গিয়েছিল। কিন্তু এখন জানা যাচ্ছে, আইপিএল ফাইনালের জন্য নাকি কর্নাটক ক্রিকেট সংস্থা অতিরিক্ত ১০ হাজার ৫৭ টিকিট চেয়েছিল। যা মানা হয়নি। এরপরেই বিসিসিআই নাকি ফাইনালের ভেন্যু সরিয়ে দেয়।
আইপিএল চেয়ারম্যান অরুণ ধূমল বলেছেন, ‘চিন্নাস্বামীতে ৩৫ হাজার দর্শক ধরে। সেখানে বিনামূল্যের টিকিটের এত চাহিদা মানা সম্ভব নয়। সেকারণেই ফাইনাল সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’
এবারের প্লে–অফ হবে ধরমশালা ও নিউ চণ্ডীগড়ে। আর ফাইনাল আমেদাবাদে।
সূত্রের খবর, চিন্নাস্বামীতে ফাইনাল হলে আয়োজক হিসেবে কর্নাটক ক্রিকেট সংস্থা স্টেডিয়ামের ধারণ ক্ষমতার ১৫ শতাংশ টিকিট পাওয়ার কথা। সেই অনুযায়ী কর্নাটক ক্রিকেট সংস্থার ৯০০ টিকিট পাওয়ার কথা। কিন্তু অতিরিক্ত দশ হাজার ৫৭ টিকিট তারা চেয়েছিল।
এদিকে, সাদা বলের ক্রিকেটে এক অধিনায়ক চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এক্ষেত্রে জাতীয় নির্বাচকদের বাজি শ্রেয়স আইয়ার। এমনিতেই শ্রেয়সের টি–২০ অধিনায়ক হওয়া প্রায় নিশ্চিত। কারণ সূর্যর ফর্ম নিয়ে নির্বাচকরা একেবারেই খুশি নন। অন্যদিকে, ওয়ানডে ক্রিকেটেও অধিনায়ক হতে পারেন শ্রেয়স। আইপিএল শেষ হলেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
আইপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছেন শ্রেয়স। সঙ্গে দারুণ অধিনায়কত্ব করছেন। যা নির্বাচকদের নজর কেড়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে বোর্ড সূত্রে বলা হয়েছে, ভারতের টি–২০ দলে বেশকিছু বদল হবে। ওই সূত্র বলেছে, ‘ভারতের নতুন টি–২০ দলে কিছু বদল হবে। আমরা সাদা বলের ক্রিকেটে একজন অধিনায়কই চাইছি। বোর্ড তরুণ ক্রিকেটারদের পাশাপাশি অভিজ্ঞদেরও দলে চাইছে। গত কয়েক বছরে শ্রেয়স দারুণ উন্নতি করেছে। চোট পাওয়াটা সত্যিই ওর জন্য দুর্ভাগ্যের।’ ওই সূত্রে আরও বলা হয়েছে, ‘এবছর আইপিএলেও বেশ সাহসী অধিনায়কত্ব করছে শ্রেয়স। সাদা বলের ক্রিকেটে নেতা হওয়ার ব্যাপারে ও একজন দাবিদার। সূর্যকুমার যাদবের নেতৃত্বে দল টি–২০ বিশ্বকাপ জিতেছে। সূর্যর অবদানও অনস্বীকার্য।’ ওই সূত্রে আরও বলা হয়েছে, সূর্যর অবদানও বোর্ড ভুলছে না।















