আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের ৫২-তম ম্যাচে ইতিহাস গড়লেন রাজস্থান রয়্যালসের ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। শনিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে ব্যাট হাতে নতুন নজির স্থাপন করেন তিনি।

মহম্মদ সিরাজের বলে ছক্কা হাঁকিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ২০ বছর পূর্ণ হওয়ার আগেই ১০০ ছক্কার মাইলফলক ছুঁয়ে ফেলা বিশ্বের প্রথম ক্রিকেটার হন বৈভব। 

গুজরাটের ২২৯ রান তাড়া করতে নেমে সূর্যবংশী ১৬ বলে চটজলদি ৩৬ রান করেন। ৩টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি মারেন সূর্যবংশী। 

সূর্যবংশী অবশ্য এই কৃতিত্ব অর্জনের পথে তিনি ভেঙে দেন ওয়েস্ট ইন্ডিজের তারকা কাইরন পোলার্ডের দীর্ঘদিনের রেকর্ডও।

এর আগে সবচেয়ে কম বলে ১০০টি টি-টোয়েন্টি ছক্কা পূরণের রেকর্ড ছিল পোলার্ডের। ৮৪৩ বলে এই মাইলফলকে পৌঁছেছিলেন তিনি। 

সেই জায়গায় বৈভব মাত্র ৫১৪ বলেই ১০০ ছক্কা পূর্ণ করে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন।

মাত্র ১৫ বছর বয়সেই তাঁর এই বিস্ফোরক ব্যাটিং ক্রিকেট বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতের অন্যতম বড় তারকা হয়ে উঠতে পারেন এই তরুণ ব্যাটার। 
আবার তাঁকে নিয়ে আশঙ্কাও রয়েছে অনেকের। 

সম্প্রতি ‘স্টিক টু ক্রিকেট’ পডকাস্টে আলোচনায় বসেছিলেন মাইকেল ভন, ফিল টাফনেল, অ্যালাস্টেয়ার কুক এবং ডেভিড লয়েড। 

সেখানে সূর্যবংশীর অবিশ্বাস্য উত্থান নিয়েই মূলত আলোচনা হয়।
ভন প্রথমেই তুলে ধরেন তরুণ ব্যাটারের বিস্ফোরক পরিসংখ্যান। তিনি বলেন, ''আইপিএলে দ্রুততম শতরানের রেকর্ড ক্রিস গেইলের। সেটা ৩০ বলে। আর এই ছেলেটি ইতিমধ্যেই ৩৫ বলে সেঞ্চুরি করে ফেলেছে।'' 

এরপর কুককে প্রশ্ন করা হয়, বর্তমানে বিশ্ব ক্রিকেটে সব থেকে বেশি ছক্কা হাঁকাতে পারেন সূর্যবংশীই? 

জবাবে এক মুহূর্তও দেরি না করে তিনি বলেন, ''নিশ্চয়ই। তবে ওকে ১৪ বছর বয়সে কত টাকায় দলে নেওয়া হয়েছিল? আগামী নিলামে ওর দাম কোথায় পৌঁছবে ভাবুন তো! যদি ও নিজেই আবার নিলামে যেতে চায়?''

তবে কুকের মন্তব্যে একপ্রকার জল ঢেলে দেন ভন। তাঁর মতে, রাজস্থান রয়্যালস কোনওভাবেই এমন প্রতিভাকে হাতছাড়া করবে না। পাশাপাশি তিনি দাবি করেন, খুব শীঘ্রই ভারতের জাতীয় দলে সুযোগ পাওয়া উচিত সূর্যবংশীর। বিশেষ করে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের দলে তাঁকে রাখা উচিত বলেও মত দেন ভন।
আলোচনার মাঝেই মজার ছলে মন্তব্য করেন টাফনেল। তিনি বলেন, ''এই গতিতে চলতে থাকলে ২১ বছর বয়সের মধ্যেই ও হয়তো ক্লান্ত হয়ে অবসর নিয়ে ফেলবে।''