আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের শুরুতে টানা এক ডজন জয় দিয়ে শুরু করে পাঞ্জাব কিংস। কিন্তু পরের ছয় ম্যাচে হার। এক থেকে চার নম্বরে নেমে গিয়েছে শ্রেয়স আইয়াররা। ১২ ম্যাচে ১৩ পয়েন্ট। প্লে অফ নিশ্চিত নয়। গ্রুপে নিজেদের শেষ ম্যাচ জিতলেও প্লে অফ থেকে ছিটকে যেতে পারে। তাকিয়ে থাকতে হবে বাকিদের পারফরম্যান্সের দিকে। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে কিছু সময় ভাল খেললেও, মোমেন্টাম ধরে রাখতে পারেনি। কিন্তু একটা সময় টানা ছয় ম্যাচ জিতে লিগ শীর্ষে থাকা দলের এত অধঃপতন কেন? ফাস্ট বোলিং কোচ জেমস হোপস জানান, গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো নিজেদের আয়ত্বে না রাখতে পারার জন্যই পতন।
একাধিক ম্যাচ নিজেদের হাতে থাকা সত্ত্বেও, মোমেন্টাম হারিয়ে যায়। এটাই ভরাডুবির প্রধান কারণ। হোপস বলেন, 'প্রত্যেক ম্যাচে মোমেন্টাম নিজেদের দখলে রাখতে পারিনি। প্রত্যেকবার জয়ের মুখে গিয়ে আমরা সমস্যায় পড়েছি। টি-২০ তে খুব সহজেই জয়ে ফেরা যায়। আবার অন্য পথেও হাঁটা যায়। আমরা দুটো অনুভূতির মধ্যে দিয়েই গিয়েছি। দলকে সংগঠিত করতে এক সপ্তাহ লাগবে।' দল নির্বাচন নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয়েছে পাঞ্জাবকে। দাবি করেন, অনেক আলোচনা করেই প্লেয়িং একাদশে প্রত্যেকটি পরিবর্তন করা হয়েছে। বিপক্ষের ম্যাচ আপের কথাও মাথায় রাখা হয়। হোপস বলেন, 'মেপে মেপে পরিবর্তন করা হয়েছে। বিপক্ষের কথা মাথায় রেখে পরিবর্তন করা হয়েছে। অর্শদীপ, চাহাল এবং বাকি কোর গ্রুপকে রেখে বাকিদের বদলানো হয়। কিন্তু কোনওভাবে ফলাফল আমাদের পক্ষে যায়নি। মাঝেমধ্যে টি-২০ তে এরকম হয়।'
শেষ ছয় ম্যাচ হারলেও হাল ছাড়ছেন না পাঞ্জাবের ফাস্ট বোলিং কোচ। জানান, এখনও প্লে অফে যাওয়ার বিষয়ে আশাবাদী তিনি। শেষ ম্যাচে আগে আত্মবিশ্বাস ফিরে পেতে চাইছে দল। হোপস বলেন, 'ছেলেরা ভাল ট্রেনিং করছে। প্লানিংও ভাল হয়েছে। শুধু আমরা জিততে পারছি না। নতুন করে সংগঠিত হয়ে ফিরতে হবে। নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে।' লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে পাঞ্জাব। জিতলেও বাকিদের রেজাল্টের দিকে তাকিয়ে থাকতে হবে।














