আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে একসময়ে প্লে-অফের দৌড়ে ভাল জায়গায় থাকা থাকা পাঞ্জাব কিংস এখন কার্যত বিদায়ের মুখে। রবিবার ধর্মশালায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হারের পর টানা ষষ্ঠ পরাজয় দেখল পাঞ্জাব। 

ফলে শেষ চারের আশা এখন পুরোপুরি নির্ভর করছে অন্য দলের ফলাফলের উপর। ম্যাচ শেষে ডাগআউটে একা বসে থাকা প্রধান কোচ রিকি পন্টিংয়ের ছবি ঘিরে শুরু হয়েছে আলোচনা। 
ভারতের প্রাক্তন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন সেই দৃশ্যকে খুব শক্তিশালী বলে উল্লেখ করেছেন। নিজের ইউটিউব শোয়ে অশ্বিন বলেন, ধর্মশালার পাহাড়ের সামনে একা বসে থাকা পন্টিংকে দেখে বোঝাই যাচ্ছিল, দলের পরিস্থিতি নিয়ে তিনি গভীর চিন্তায় ডুবে রয়েছেন।
অশ্বিন বলেন, ''ওরা একটা সময়ে টুর্নামেন্টের টপ টুয়ে থাকার মতো অবস্থায় ছিল। এখন নিশ্চয়ই ভাবছে কোথায় ভুল হল। আমি ২০১৮ সালে একই চেয়ারে বসেছি, তাই অনুভূতিটা বুঝতে পারছি।''

তবে শুধু সহানুভূতি দেখিয়েই থেমে থাকেননি অশ্বিন। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন পাঞ্জাব কিংসের একাধিক হোম ভেন্যু ব্যবহারের সিদ্ধান্ত নিয়ে। 

এই মরশুমে পাঞ্জাব কিংস মুল্লানপুর এবং ধর্মশালা-- এই দুই মাঠে হোম ম্যাচ খেলেছে। অশ্বিনের মতে, এই সিদ্ধান্তই দলের ধারাবাহিকতায় প্রভাব ফেলেছে।
তিনি বলেন, ''মুল্লানপুরে টানা জয়ের পর ধর্মশালায় গিয়ে তিনটে হোম ম্যাচ হারল পাঞ্জাব। তরুণ ক্রিকেটারদের জন্য এই পরিবর্তন সহজ নয়। মুল্লানপুর আর ধর্মশালার উইকেটের গতি ও বাউন্সে অনেক পার্থক্য। একই মাটি হলেও উচ্চতা আলাদা। এটা কার্যত পাঞ্জাবের জন্য অ্যাওয়ে ম্যাচের মতো হয়ে গিয়েছে।''

অশ্বিন আরও দাবি করেন, ফ্র্যাঞ্চাইজির ব্যবসায়িক স্বার্থ ক্রিকেটীয় স্বার্থের উপর প্রাধান্য পেয়েছে। অশ্বিন বলেন, ''যদি ব্যবসার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে সেটা শুধু ব্যবসার জন্যই হোক। কিন্তু জিততে এবং প্লে-অফে উঠতে চাইলে ভুল করা যাবে না। পন্টিং আর অধিনায়ক শ্রেয়স আইয়ার অবশ্যই ভীষণ হতাশ।''
এদিকে, পাঞ্জাব কিংসের সামনে এখন শেষ সুযোগ। তাদের শেষ ম্যাচ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। সেই মাঠ বরাবরই ব্যাটারদের জন্য কঠিন বলে পরিচিত। ফলে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে গেলে কঠিন লড়াই অপেক্ষা করছে পন্টিং-শ্রেয়সদের সামনে।