আজকাল ওয়েবডেস্ক: পিএসএল অধিনায়কদের সাংবাদিক বৈঠকে পাক সাংবাদিককে একহাত নিলেন শাহিন আফ্রিদি। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্স করেছে পাকিস্তান। সমালোচনার ঝড় উঠেছে। প্রাক্তন ক্রিকেটাররা সমালোচনা করেছেন পাক ক্রিকেটারদের। ভারত বিশ্বকাপ জিতে যাওয়ার পরে পাক প্রাক্তনদের আক্রমণের তীব্রতা আরও বেড়েছে। 

এবার পিএসএলের মঞ্চে পাক সাংবাদিকরা প্রশ্নের আড়ালে তোপ দেগেছেন বাবর আজম, শাহিন আফ্রিদিদের। কিন্তু পাক সাংবাদিকের প্রশ্নের জবাবে বাঁ হাতি পেসার বলেছেন, দেশের ক্রিকেটের কথা না ভেবে পিএসএলের কথাই এখন জিজ্ঞাসা করা উচিত। 

সেই মুহূর্ত দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই পাক সাংবাদিক কী প্রশ্ন করেছিলেন? সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, বাবর আজমের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন করা হয়েছে। এমনকী টি-টোয়েন্টি ফরম্যাটে জায়গা পাওয়ারও কি যোগ্য বাবর? আর শাহিন আফ্রিদির ক্যাপ্টেন্সি নিয়েও প্রশ্ন তোলেন সংশ্লিষ্ট সাংবাদিক। 

ভাইরাল সোশ্যাল মিডিয়া ক্লিপে দেখা গিয়েছে, শাহিন আফ্রিদি বলেন, ''পাকিস্তান ক্রিকেট নিয়ে কিছু জিজ্ঞাসা করবেন না। আমরা এখন পাকিস্তান সুপার লিগ খেলছি। ফলে পিএসএল নিয়েই জিজ্ঞাসা করুন। পাকিস্তানের হয়ে যখন খেলব, তখন পাক ক্রিকেট নিয়ে জিজ্ঞাসা করবেন। সেই সময়ে আপনার প্রশ্নের জবাব দেব।'' 

সমালোচনার আবহে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ। গতবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স প্রথম ম্যাচে নামছে। শাহিন আফ্রিদিরা কি পারফরম্যান্স তুলে ধরে সমালোচকদের মুখ বন্ধ করতে পারবেন?