আজকাল ওয়েবডেস্ক: রবিবার আইপিএলের বড় ম্যাচ। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে আরও একটি হাড্ডাহাড্ডি এবং উপভোগ্য লড়াইয়ের অপেক্ষা। তবে ম্যাচের আগে বড় সেটব্যাক মুম্বই শিবিরে। রায়পুরে বিরাট কোহলিদের বিরুদ্ধে খেলতে পারবেন না হার্দিক পাণ্ডিয়া। ব্যাক স্প্যাজমের জন্য লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধেও পাওয়া যায়নি মুম্বইয়ের অধিনায়ককে। তাঁর অনুপস্থিতিতে আগের দিন দল পরিচালনা করেন সূর্যকুমার যাদব। আরসিবির বিরুদ্ধেও স্কাইকেই অধিনায়কের ভূমিকার দেখা যাবে। দলের সঙ্গে রায়পুরে যাননি হার্দিক। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে মুম্বইয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, 'হার্দিক এখনও দলের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে। কবে সম্পূর্ণ ফিট হয়ে মাঠে ফিরতে পারবে, সেটা ওরা জানিয়ে দেবে। আরেকটা খবর হল, সূর্যকুমার রবিবার সকালে দলের সঙ্গে যোগ দিচ্ছে।' 

দুই দফায় মুম্বই থেকে রায়পুরে যায় মুম্বই ইন্ডিয়ান্স দল। কিন্তু কোনওবারই দলের সঙ্গে দেখা যায়নি হার্দিক এবং সূর্যকুমারকে। চোটের জন্য অধিনায়ককে নাও পাওয়া যেতে পারে, ধরে নেওয়া হয়েছিল। কিন্তু স্কাইয়ের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে। এমনকী ভাবা হচ্ছিল, কোহলিদের বিরুদ্ধে দু'জনকেই না পাওয়া গেলে কি নেতৃত্বে ফিরবেন রোহিত শর্মা? সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া হল। মুম্বই কর্তৃপক্ষের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, ম্যাচের দিন সকালে রায়পুরে দলের সঙ্গে যোগ দেবেন সূর্য। অর্থাৎ, রাতে অধিনায়কের আর্মব্যান্ড থাকবে তাঁরই হাতে। প্রথম সন্তানের জন্মের জন্য দলের সঙ্গে রায়পুরে যেতে পারেননি সূর্য। কিন্তু ম্যাচের আগে পৌঁছে যাবেন। 

এদিকে মুম্বইয়ের নেতাকে নিয়ে জল্পনা তুঙ্গে। একটি রিপোর্ট অনুযায়ী, হার্দিককে নিয়ে কোনও সমস্যা নেই ম্যানেজমেন্টের। তাঁর নেতৃত্বকে মুম্বইয়ের ব্যর্থতার কারণ হিসেবে দেখছে না। বরং মনে করা হচ্ছে, মুম্বই টুর্নামেন্টের নতুন ধরনের সঙ্গে মানিয়ে নিতে পারছে না। ব্যাটারদের থেকে শুরুতেই সেই আগ্রাসী ব্যাটিং পাওয়া যাচ্ছে না। বোলাররাও পাওয়ার প্লে এবং ডেথ ওভারে উইকেট পাচ্ছে না। এমন পরিস্থিতিতে পরের মেগা নিলামের আগে কোন প্লেয়ারকে ছেড়ে দেওয়া উচিত প্রসঙ্গে, হার্দিকের নাম নেন সাইমন ডুল। তিনি বলেন, 'পরের বছর মুম্বইয়ের অধিনায়ক কে হবে? যদি কোনও পরিবর্তন করা হয়, তাহলে পরের অধিনায়ক কে হবে? যদি সেটা হার্দিক পাণ্ডিয়া না হয়, তাঁকে ছেড়ে দেওয়া উচিত। গত তিন বছরে ওর দল ভাল খেলতে পারছে না। তাই ভেবে দেখা উচিত।' নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা মনে করছেন, নেতৃত্বের চাপ কমলে আবার স্বমহিমায় পাওয়া যাবে তারকা অলরাউন্ডারকে। তবে আপাতত মুম্বইয়ের অধিনায়ক বদল হওয়ার সম্ভাবনা নেই।