আজকাল ওয়েবডেস্ক: প্রথম দল হিসেবে আইপিএল থেকে ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে শেষ বলে হারে আর প্লে অফের কোনও সম্ভাবনা নেই। কঠিন পিচে ৭ উইকেট হারিয়ে ১৬৬ রান তোলে মুম্বই। শেষ বলে লক্ষ্যে পৌঁছে যায় আরসিবি। সাংবাদিক সম্মেলনে কিছু কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হয় মুম্বই ইন্ডিয়ান্সের কোচকে। ছন্দে না থাকা তারকা ভারতীয় প্লেয়ারদের দলের বাইরে না রাখার রাজনীতি নিয়ে প্রশ্ন ওঠে। ডাহা ব্যর্থ হওয়া সত্ত্বেও কেন তাঁদের হয়ে বেড়ানো হয়েছে? এবছর কোথায় ভুল হয়েছে? এই প্রশ্নের উত্তর দিতে হিমশিম খান মাহেলা জয়বর্ধনে। দাবি করেন, সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি মুম্বই।
জয়বর্ধনে বলেন, 'হতাশাজনক মরশুম। আমরা সুযোগ পেয়েছে, কিন্তু কাজে লাগাতে পারিনি। আমরা বল এবং ব্যাট হাতে ধারাবাহিকতা দেখাতে পারিনি। তারই খেসারত দিতে হয়েছে। আরও দুটো বা তিনটে ম্যাচ জিততে পারলে আমরা প্লে অফের দৌড়ে থাকতাম। কিন্তু আমরা সেই জয়গুলো পাইনি। এদিনও জেতা ম্যাচ আমরা হাতছাড়া করি। ব্যর্থতার সবগুলো কারণ বলা কঠিন। কেন আমাদের এমন হল, সেটা খুঁজে বের করতে হবে। আমরা নিজেদের দক্ষতা অনুযায়ী খেলতে পারিনি। এবার প্রত্যেক ম্যাচে দলে একাধিক পরিবর্তন হয়েছে। যার ফলে কম্বিনেশন গড়ে উঠতে পারেনি। জয়বর্ধনের দাবি, একাধিক চোট-আঘাতের জন্য বারবার দল পরিবর্তন করতে বাধ্য হন।
শেষ দুই ম্যাচে হার্দিক পাণ্ডিয়ার না খেলা নিয়ে প্রশ্ন উঠছে। জানানো হয়, পিঠের সমস্যার জন্য খেলতে পারেনি মুম্বইয়ের অধিনায়ক। ফর্মে না থাকা একাধিক প্লেয়ারের পাশে ছিল ফ্র্যাঞ্চাইজি। তার অন্যতম উদাহরণ সূর্যকুমার যাদব। চলতি আইপিএলে ১১ ম্যাচে ১৯৫ রান করেন। ছন্দে না থাকা তারকাদের দলের বাইরে না রাখার সিদ্ধান্তের পেছনে কি রাজনীতি লুকিয়ে আছে? মানতে নারাজ মুম্বইয়ের অধিনায়ক। জয়বর্ধনে বলেন, 'আমার মনে হয় না এমন হয়েছে। আমরা ওদের মান জানি। জানি ওরা সেরা দেওয়ার চেষ্টা করছে। আমি যদি জানতাম ওদের চেষ্টা নেই, তাহলে আলাদা করে ওদের সঙ্গে কথা বলতাম। কিন্তু ওদের দায়বদ্ধতায় কোনও অভাব ছিল না। রো চোট সারিয়ে ফেরার পর যেভাবে খেলেছে, সেটাই স্পষ্ট বলে দিচ্ছে। কোর গ্রুপ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সবসময় দল বদলে ফেলা যায় না। আমরা ওদের ওপর বিশ্বাস এবং ভরসা রাখি। সদ্য বিশ্বকাপ জিতে ফিরেছিল, ওদের বাদ দেওয়ার কোনও প্রশ্নই ছিল না। ইউনিট হিসেবে এটা আমাদের ব্যর্থতা।' ১১ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল মুম্বই।















