আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের প্লে অফ থেকে বিদায় নেওয়ায় পর জয়ে ফিরেছে মুম্বই ইন্ডিয়ান্স। চলতি মরশুমের চতুর্থ জয় তুলে নিয়েছে মুম্বই। যশপ্রীত বুমরার অধিনায়কত্বে বৃহস্পতিবার পাঞ্জাব কিংসকে হারায় মুম্বই। চোটের জন্য ছিলেন না হার্দিক পাণ্ডিয়া। সদ্যোজাত সন্তানের সঙ্গে সময় কাটানোর জন্য ছিলেন না সূর্যকুমার যাদবও। মুম্বইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পিঠের চোটের জন্য খেলতে পারছেন না হার্দিক। কিন্তু কান পাতলে অন্য কিছু শোনা যাচ্ছে। মনে করা হচ্ছে, তাঁর না খেলার পেছনে অন্য কোনও কারণ আছে। বীরেন্দ্র শেহবাগ মনে করেন, এই রটনা সত্যি হলে, মুম্বইয়ের উচিত হার্দিককে ছেড়ে দেওয়া।
সূত্রের খবর অনুযায়ী, মুম্বইয়ের অধিনায়কের সঙ্গে ড্রেসিংরুমে কয়েকজন প্লেয়ারের ঝামেলা সামনে উঠে এসেছে। এই রটনায় বিশ্বাস নেই বীরুর। তবে মনে করেন, হার্দিককে ছেড়ে দেওয়া উচিত মুম্বইয়ের। শেহবাগ বলেন, 'শুধু ক্রিকেটের কথা ভাবলে, ওকে রেখে দেওয়া উচিত। কিন্তু পাশাপাশি বেশ কিছু রটনা আছে, যা সত্যিই কিনা আমি অবশ্য জানি না। ড্রেসিংরুমের সমস্যা বা মাঠের বাইরের কোনও সমস্যা আছে। সেটা সত্যি হলে, ছেড়ে দেওয়া উচিত। কিন্তু সেটা সত্যি না হলে, ওকে রেখে দেওয়া উচিত। কারণ ও উচ্চমানের প্লেয়ার। আমি হলে, যাবতীয় রটনা সত্ত্বেও ওকে রেখে দিতাম। ড্রেসিংরুমের মতবিরোধ মিটিয়ে নেওয়া সম্ভব। কারণ শেষপর্যন্ত দল হিসেবে খেলতে হবে। একজন প্লেয়ার হিসেবে হার্দিক মূল্যবান। মুম্বইয়ের ওকে দরকার।'
বর্তমানে আইপিএলের সবচেয়ে দামি প্লেয়ার ঋষভ পন্থ। মেগা নিলামে তাঁকে ২৭ কোটিতে কেনে লখনউ সুপার জায়ান্টস। এদিকে ১৬ কোটিতে হার্দিককে রিটেন করে মুম্বই। শেহবাগ মনে করেন, পন্থের এই অঙ্ক পাওয়া উচিত ছিল মুম্বইয়ের অধিনায়কের। তিনি বলেন, 'ও যখন মুম্বইয়ের অধিনায়ক ছিল না, তখনও ভাল খেলত। তখনও অনেক রটনা ছিল। কিন্তু আমি হলে ওকে রিটেন করতাম। ওর জন্য ১৬.৩৫ কোটি খুব কম। ও ২৭ কোটির প্লেয়ার।' চলতি আইপিএলে একেবারেই ফর্মে নেই হার্দিক। তাসত্ত্বেও শেহবাগের সমর্থন পেলেন ভারতীয় তারকা। আরও দুটো ম্যাচ বাকি মুম্বইয়ের। সেই ম্যাচগুলোতে হার্দিককে দেখা যাবে কিনা সময়ই বলবে।















