আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র দুটো ম্যাচ। তারপরই শেষ চেন্নাই সুপার কিংসের লিগ পর্ব। কিন্তু এখনও পর্যন্ত একটিও ম্যাচ খেলেননি এমএস ধোনি। মরশুমের শুরু থেকেই কাফ মাসেলের চোটে ভুগছেন পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক। সোমবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ঘরের মাঠে চলতি আইপিএলের শেষ ম্যাচ খেলছে চেন্নাই। টি-২০ লিগ থেকে অবসর নেওয়ার আগে ধোনিকে শেষবারের মতো একবার দেখতে চায় ভক্তরা। এমন একটি পরিস্থিতিতে কি অবসর ঘোষণা করবেন ধোনি? ২০২১ আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর সেলিব্রেশনের সময় একটি মন্তব্য করেছিলেন মাহি। সেটা আবার তুলে ধরা হচ্ছে। ধোনি জানিয়েছিলেন, নিজের শেষ টি-২০ ম্যাচ চেন্নাইয়ে খেলতে চান। সোমবার চিপকে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামবে চেন্নাই। 

পাঁচ বছর আগে ধোনি বলেছিলেন, 'আমি সবসময় প্ল্যান করে ক্রিকেট খেলেছি। শেষ একদিনের ম্যাচ নিজের ঘরের মাঠ রাঁচিতে খেলেছি। তাই আমার শেষ টি-২০ চেন্নাইয়ে হবে। সেটা পরের বছর হবে, না পাঁচ বছর পরে, সেটা এখনও জানি না।' পাঁচ বছরের সময়সীমা সোমবার রাতে শেষ হচ্ছে। এদিনের পর চলতি আইপিএলে আর কোনও ম্যাচ নেই। তাই এদিনই চিপকে শেষবার দেখা যেতে পারে ধোনিকে।' প্রাক্তন সতীর্থের খেলার বিষয়ে আশাবাদী রবিচন্দ্রন অশ্বিন। ধোনির খেলার সম্ভাবনার কথা জানান। দাবি করেন, শেষ দুই-তিন ম্যাচেও খেলার জন্য তৈরি ছিলেন চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক। অশ্বিন বলেন, 'আমার মনে হয়, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে পারে ধোনি। অপেক্ষা করতে হবে। আমি শুনেছি শেষ দুই, তিন ম্যাচে খেলার জন্যও তৈরি ছিলেন ধোনি।' শোনা যাচ্ছিল, ভবিষ্যতের কথা ভেবে নিজেকে সরিয়ে রেখেছিলেন। চাইছিলেন, তাঁকে ছাড়া ঋতুরাজের অধীনে দল তৈরি হয়ে যাক। কিন্তু ঘরের মাঠে শেষ ম্যাচ হওয়ায় শেষবারের মতো দেখা যেতে পারে ধোনিকে।