আজকাল ওয়েবডেস্ক: তিন মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ প্রত্যাবর্তন মিচেল স্টার্কের। তাঁর ফিটনেস এবং ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। প্রত্যাবর্তনেই সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন অস্ট্রেলিয়ান তারকা। কোনও সময় নষ্ট করেননি। রাজস্থানের বিরুদ্ধে প্রথম ওভারেই বাজিমাত। ফিরিয়ে দেন যশস্বী জয়েসওয়ালকে। শুরুতেই রাজস্থান রয়্যালসকে ব্যাকফুটে ঠেলে দেন। এরপর ১৭তম ওভারে রবীন্দ্র জাদেজা এবং রিয়ান পরাগকে ফিরিয়ে দেন। ৪ ওভার বল করে ৪০ রানে ৩ উইকেট তুলে নেন। চাপের পরিস্থিতিতে আবার নিজের অভিজ্ঞতা কাজে লাগান। প্রত্যাবর্তনে তিন উইকেট তুলে নেওয়ায় স্বস্তিতে অজি। 

স্টার্ক বলেন, 'ম্যাচে ফিরতে পেরে ভাল লাগছে। কয়েকদিন আগেই ট্রেনিংয়ে ফিরেছি। নেমেই জিততে পেরে ভাল লাগছে। মাঠে ফিরতে পেরে অবশ্যই ভাল লাগছে। কয়েক সপ্তাহ ধরে বল করছি। কনুই সঠিক পজিশনে রেখে বল করার চেষ্টা করছি। এর আগে পর্যন্ত শেষ তিন মাস কোনও ব্যাটারকে বল করিনি। তাই মানিয়ে নেওয়া একটু কঠিন ছিল। তবে এতবছর ক্রিকেট খেলার সুবাদে, আমি যা করতে চেয়েছি, সেটা করতে পেরেছি। আমার মনে হয় ক্রমশ আরও ভাল জায়গায় পৌঁছে যাব। টুর্নামেন্টের আসল সময় আসার আগেই সেরা ছন্দ ফিরে পাব।' বেশ কয়েক বছর চোটের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। হাতে স্ট্র্যাপ নিয়ে খেলতে হয়েছে। দীর্ঘদিন থাকতে হয়েছে মাঠের বাইরে। যা আবারও তারকা পেসারের অবসর নিয়ে প্রশ্ন তুলেছে। তবে সেটা ফুৎকারে উড়িয়ে দেন অজি তারকা। স্টার্ক বলেন, 'আমার হাতে স্ট্র্যাপ দেখে অবসরের কথা উঠছে। তবে আমি এখনও সেই জায়গায় পৌঁছইনি। অবশ্য বাস্তব মেনে নিতে হবে। এটাই একজন ক্রিকেটারের জীবন। আমরা সবাই এগিয়ে যাই।' দিল্লির পরের ম্যাচ চেন্নাইয়ের বিরুদ্ধে। ধারাবাহিকতা বজায় রাখতে চান স্টার্ক।