আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলিকে সচরাচর শূন্যতে ফিরতে দেখা যায় না। তাও আবার প্রথম বলে। কিন্তু লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে তেমনই ছবি দেখা গিয়েছিল। তারকা ক্রিকেটারকে শূন্যে ফিরিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন প্রিন্স যাদব। ম্যাচে তিনটে উইকেট নেন। মোট ১৬ উইকেট। ম্যাচ শেষে অম্বতি রায়ডু দাবি করেন, প্রিন্সের জাতীয় দলে সুযোগ পাওয়া শুধু সময়ের অপেক্ষা। রায়ডু বলেন, 'আমার মনে হয়, শীঘ্রই ও ভারতের হয়ে অভিষেক করবে। ও বিশেষ প্রতিভা। আমরা ওকে পুরো আইপিএলে খেলতে দেখেছি। ওর রান আপ দেখেই ওর বৈশিষ্ট্য বোঝা যায়। ওর বেশিরভাগ বল স্ট্যাম্প বরাবর। এটা ওর বিশেষত্ব।'
কোহলির আউটের প্রসঙ্গ তোলেন রায়ডু।ভূয়সী প্রশংসা করেন প্রিন্সের নির্দিষ্ট বলের। রায়ডু বলেন, 'বলটা বিশেষ ছিল। সুন্দর বল। ব্যাটের ঠিক সামনে সুইং করে। আমার মনে হয় না বিশ্বের কোনও ব্যাটার সেই বলটা খেলতে পারত।' ২০২৫ আইপিএলে অভিষেক হয় প্রিন্সের। কিন্তু প্রথমবার নজর কাড়তে পারেননি। ছয় ম্যাচে তিন উইকেট নেয়। এক বছরের মধ্যে বিশাল উন্নতি করেন। ঘরোয়া মরশুমের দুর্দান্ত ফল এবং ধারাবাহিকতা আইপিএলে ধরে রাখেন।মোমেন্টাম ধরে রেখে এবার ১০ ম্যাচে ১৬ উইকেট তুলে নেন। ইকোনমি রেট ৮.০৮। আইপিএলের পর ভারতের টি-২০ দলে আইপিএলে সাফল্য পাওয়া একাধিক তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হবে। এই তালিকায় থাকবে প্রিন্সের নামও। আয়ারল্যান্ড সিরিজে কি হাতেখড়ি হবে প্রিন্সের?















