আজকাল ওয়েবডেস্ক: গত এক বছরে অনেক প্রশংসা কুড়িয়েছেন। সব কিছুকে ছাপিয়ে গেল জাস্টিন ল্যাঙ্গারের সার্টিফিকেট। মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস দেখার পর আর চুপ থাকতে পারেননি দলের কোচ। আইপিএলের শুরু থেকেই কয়েকটি দুর্ধর্ষ ইনিংস খেলেন বৈভব সূর্যবংশী। বিশ্বের সেরা বোলারদের একহাত নেন। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, যশপ্রীত বুমরাদেরও তোয়াক্কা করেনি। তাতে এতটাই অভিভূত যে প্রাক্তন অস্ট্রেলিয় ব্যাটার স্যার ডোনাল্ড ব্যাডম্যানের সঙ্গে তাঁর তুলনা টেনে ফেলেন। বিশেষ করে মানিয়ে নেওয়ার ক্ষমতায় কিংবদন্তির সঙ্গে মিল পান লখনউয়ের কোচ।
ম্যাচের পর এলএসজির হেড কোচ স্পষ্ট জানিয়ে দেন, পার্থক্য গড়ে দিয়েছেন বৈভব। ল্যাঙ্গার বলেন, 'বৈভব পার্থক্য গড়ে দিয়েছে। তিন ওভারে ৭৩ রান শেষ করে দেয়। তাই ও-ই পার্থক্য গড়ে দিয়েছে। এদিন আমাদের কয়েকজন তরুণ বোলার খেলেছিল। ওরা অভিজ্ঞতা থেকে শিখবে।' লখনউয়ের কোচ দাবি করেন, বৈভবের বিরুদ্ধে দিশাহারা দেখায় মিচেল স্টার্ক, আনরিচ নোকিয়াদের মতো বোলারদের। ইতিমধ্যেই আইপিএলে কমলা টুপির অধিকারী। ভবিষ্যতে আরও কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন ১৫ বছরের উঠতি তারকা, সেটা ভেবেই আতকে ওঠেন লখনউইয়ের কোচ।
ল্যাঙ্গার বলেন, 'যেভাবে খেলে, চোখ ধাঁধানো। মিচেল স্টার্ক, আনরিচ নোকিয়াদের মতো বিশ্বমানের বোলারদের যেভাবে খেলেছে, না দেখলে বিশ্বাস করা যাবে না। এভাবে খেলে কমলা টুপির দখল নেওয়া অনবদ্য। এইভাবে খেলা ঝুঁকিপূর্ণ। কিন্তু ও প্রত্যেক ম্যাচে একইভাবে খেলছে এবং প্রচুর রান করছে। শুধু মাত্র ছয় মারছে না, প্রত্যেক ম্যাচে রান পাচ্ছে। এটাই গুরুত্বপূর্ণ। স্টার্ক এবং নোকিয়ার অভিব্যক্তি দেখেই অনেক কিছু বোঝা গিয়েছে। পরবর্তীতে কী হবে? এত অল্প বয়স। যখন পুরোপুরি ব্যাকরণ মেনে ব্যাট করতে শিখে যাবে?'
লখনউয়ের কোচকে জিজ্ঞাসা করা হয়, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় মানিয়ে নিতে পারবেন কিনা? অনূর্ধ্ব -১৯ এবং ভারতীয় এ দলের সফরের কথা উল্লেখ করেন। ডন ব্র্যাডম্যানের প্রসঙ্গ তোলেন। ল্যাঙ্গার বলেন, 'আমাকে অনেকেই জিজ্ঞেস করে, ব্র্যাডম্যান কি এত রান করত? আমি বলি, উনি মানিয়ে নিতেন। সূর্যবংশী ততটাই ভাল। যেখানেই খেলবে মানিয়ে নেবে। ওকে কোথায় বল করবে? ও সব জায়গাতেই মানিয়ে নেবে। ও ভবিষ্যতে আরও ভাল হবে। যা বিশ্ব ক্রিকেটের জন্য ভয়ঙ্কর।' গত এক বছরে প্রচুর প্রশংসা পেয়েছেন। কিন্তু এত বড় সার্টিফিকেট কি পেয়েছেন বিস্ময় বালক?















