আজকাল ওয়েবডেস্ক:‌ কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে প্লে–অফের আশা ছেড়ে দিল দিল্লি ক্যাপিটালস। ১১ ম্যাচে ৮ পয়েন্ট দিল্লির। রয়েছে পয়েন্ট টেবিলে আট নম্বরে। এবার যে আর প্লে–অফে যাওয়া সম্ভব নয় তা একপ্রকার মেনেই নিয়েছেন দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল। এখন থেকেই পরের মরশুমের পরিকল্পনা শুরু করে দিয়েছেন তিনি।


শুক্রবার কেকেআরের কাছে হারের পর হতাশা গোপন করেননি অক্ষর। দিল্লি অধিনায়ক বলেছেন, ‘ভুলগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। আগামী মরশুমের জন্যও আমাদের পরিকল্পনা শুরু করতে হবে। দলের সব ক্রিকেটারকে কীভাবে কাজে লাগানো যায় দেখতে হবে।’


আইপিএলে এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলে চারটিতে জয় পেয়েছে দিল্লি। হার সাতটি। বাকি তিনটি ম্যাচ জিতলেও ১৪ পয়েন্টের বেশি পাওয়া সম্ভব নয় অক্ষরদের পক্ষে। ১০ দলের আইপিএলে এখনও পর্যন্ত কোনও দল এই পয়েন্ট নিয়ে প্লে–অফে পৌঁছোয়নি। এবারের পয়েন্ট তালিকায় প্রথম পাঁচে থাকা প্রতিটি দলই অন্তত ১২ পয়েন্ট করে পেয়ে গিয়েছে। শীর্ষে থাকা সানরাইজার্স হায়দরাবাদের পয়েন্ট ১৪। তিনটি ম্যাচ বাকি তাদের। প্রথম পাঁচে থাকা বাকি চার দলের বাকি রয়েছে চারটি করে ম্যাচ।


তার উপর নেট রান রেটের নিরিখে ১০ দলের মধ্যে সবচেয়ে খারাপ জায়গায় রয়েছে দিল্লি। এই পরিস্থিতি থেকে প্লে–অফে ওঠার আর সম্ভাবনা প্রায় নেই অক্ষরদের। কেকেআরের বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচ হারার পর তা মেনেও নিয়েছেন দিল্লি অধিনায়ক। সম্ভবত সে কারণেই তাঁর মুখে আগামী মরশুমের পরিকল্পনার কথা শোনা গিয়েছে।

এদিকে, সূর্যকুমার যাদব রানে নেই। দীর্ঘদিন হল। দেশের হয়েও রান পাচ্ছেন না। আইপিএলেও একই অবস্থা। যা দেখে মোহভঙ্গ হচ্ছে নির্বাচকদের। তারা টি–২০ ক্রিকেটের জন্য নতুন অধিনায়ক খুঁজছেন। শোনা যাচ্ছে শ্রেয়স আইয়ারের নাম। যিনি ছন্দে রয়েছেন আইপিএলে। অধিনায়ক হিসেবেও ভাল কাজ করছেন।


তবে শ্রেয়স একা নন, আরও এক ক্রিকেটার রয়েছেন অধিনায়কের দৌড়ে। তিনি সঞ্জু স্যামসন।