আজকাল ওয়েবডেস্ক: ১৮ কোটির তারকা কি খেলবে? কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের আগে এটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। চোটের জন্য প্রথমদিকে খেলতে পারেননি। আশা করা গিয়েছিল, দিল্লি ম্যাচে বেগুনি জার্সিতে অভিষেক হবে মাথিশা পথিরানার। চোট সারিয়ে মাঠে নামার জন্য তৈরি শ্রীলঙ্কার পেসার। কিন্তু উইনিং কম্বিনেশন ভাঙেনি কেকেআর। ফলে অপেক্ষা আরও বাড়ল পথিরানার।
শুক্রবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন অজিঙ্ক রাহানে। আইপিএলের শুরুটা খারাপ হলেও, জয়ের হ্যাটট্রিকে আবার লড়াইয়ে ফিরে এসেছে নাইটরা। খাতায় কলমে এখনও প্লে অফে যাওয়ার সম্ভাবনা আছে। এদিন দিল্লিকে কম রানে আটকে রাখা লক্ষ্য নাইটদের। রাহানে বলেন, 'আমরা প্রথমে বল করব। শেষ তিন ম্যাচের প্রত্যেকটা আলাদা। কম স্কোরিং ম্যাচ ছিল। উইকেট দেখে নেওয়ার জন্য প্রথমে বল করার সিদ্ধান্ত নেওয়া। পরে ব্যাট করতে কিছুটা সুবিধা হয়। উইকেট বোঝা যাচ্ছে না। আমরা পরিস্থিতি অনুযায়ী খেলব। একটা ব্রেকের পর আমরা জয় পেয়েছি। আশা করছি এটা সাহায্য করবে। সবাই মেজাজে আছে।' কেকেআর দলে কোনও পরিবর্তন নেই।
টসে হেরে অতিরিক্ত চিন্তিত নন অক্ষর প্যাটেল। দিল্লির অধিনায়ক জানান, টস বিশেষ পার্থক্য গড়ে দেবে না। অক্ষর বলেন, 'প্রথমে ব্যাট করি বা বল করি, কিছু যায় আসে না। দিল্লির উইকেটে স্পিন বেশি থাকে না, কিন্তু মন্থর উইকেট। তাই বল ব্যাটে ধীরে আসে।' দিল্লি দলে দুটো পরিবর্তন আছে। তিন স্পিনার এবং তিন পেসারে খেলবে দিল্লি। প্রথম ছয় ম্যাচে জয় অধরা থাকার পর শেষ তিন ম্যাচ জিতে প্লে অফের আশা এখনও জিইয়ে রেখেছে নাইটরা। অন্যদিকে ব্যর্থতার মধ্যে দিয়ে যাচ্ছে দিল্লি ক্যাপিটালস। ঘরের মাঠে শেষ চার ম্যাচ হারে। চেন্নাই সুপার কিংসের কাছে ৮ উইকেটে হারের পর প্রত্যাবর্তনের খোঁজে অক্ষর প্যাটেলরা। দিল্লির জন্য একটাই পজিটিভ দিক, টপ অর্ডার নিয়ে হিমশিম খাচ্ছে কেকেআর। ছন্দে নেই অজিঙ্ক রাহানে এবং অঙ্গকৃষ রঘুবংশী। একমাত্র রিঙ্কু সিং ছাড়া বাকি ব্যাটাররা ব্যর্থ। এটার ফায়দা তুলতে চাইবেন অক্ষররা।















