আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরু থেকে সরে গেল আইপিএলের ফাইনাল। ৩১মে রাতে মেগা ফাইনাল হবে না চিন্নস্বামী স্টেডিয়ামে। বুধবার নতুন ভেন্যু ঘোষণা করল বিসিসিআই। আইপিএলের ফাইনাল পেল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। এদিন আইপিএলের প্লে অফের সূচি ঘোষণা করা হয়। কোটিপতি লিগের নিয়ম অনুযায়ী, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ঘরের মাঠে অনুষ্ঠিত হয় আইপিএলের ফাইনাল। আগের বছর রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হওয়ায় চিন্নস্বামীতে ফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু এদিন জানিয়ে দেওয়া হল, বেঙ্গালুরুতে ফাইনাল হবে না। এই নিয়ে দ্বিতীয়বার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত হবে আইপিএল ফাইনাল। ২০২৫ সালে আগাম আবহাওয়া পূর্বাভাসের জন্য ইডেনে ফাইনাল হয়নি।
বোর্ডের ঘোষিত সূচি অনুযায়ী, ২৬ মে ধর্মশালায় হবে প্রথম কোয়ালিফায়ার। ২৭ এবং ২৯ মে যথাক্রমে এলিমিনেটর এবং দ্বিতীয় কোয়ালিফায়ার হবে মুল্লানপুরে। আগের বছরের রানার্স পাঞ্জাব কিংসের হোম ভেন্যু। বোর্ডের বিবৃতিতে বলা হয়, 'আইপিএলের প্লে অফের সূচি প্রকাশ করল বিসিসিআই। ৭০টা আকর্ষক লিগ ম্যাচের পর এবার আমরা টুর্নামেন্টের আসল পর্বে চলে এসেছি। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে টেবিলের প্রথম দুই দল। ২৬ মে ধর্মশালায় হবে এই ম্যাচ। তারপর চণ্ডীগডের নিউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ২৭ মে এলিমিনেটর। মুখোমুখি তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা দল। একই জায়গায় ২৯ মে দ্বিতীয় কোয়ালিফায়ার হবে। সেই ম্যাচে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল এলিমিনেটরের বিজয়ী দলের মুখোমুখি হবে। ৩১ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা ফাইনাল।'
কেন বদলে গেল আইপিএলের ভেন্যু? নিয়ম অনুযায়ী, আগের আইপিএলে যে দল চ্যাম্পিয়ন হয়, সেখানেই ফাইনাল অনুষ্ঠিত হয়। কিন্তু বেঙ্গালুরুতে রাজনৈতিক ইস্যু, বিশেষ করে এমএলএদের টিকিটের চাহিদা সমস্যা তৈরি করেছে। বোর্ডের এক সূত্র জানিয়েছিল, 'আইপিএল ২০২৬ এর প্লে অফ এবং ফাইনালের ভেন্যু শীঘ্রই ঘোষণা করা হবে। ম্যাচগুলো পাঞ্জাব এবং কর্নাটকের মধ্যে ভাগ করে দেওয়া হবে। নিয়ম অনুযায়ী, ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ফাইনাল আয়োজন করে। কিন্তু এমএলএ টিকিট ইস্যু সমস্যা তৈরি করছে। সমস্যার সমাধান না হলে, বোর্ড অন্য শহরে ফাইনাল সরিয়ে নিয়ে যেতে পারে।' আইপিএলের উদ্বোধনী ম্যাচের আগে কংগ্রেসের এমএলএ বিজয়নন্দ কাশ্যপপানাবার জানান, প্রত্যেক এমএলএর পাঁচটি করে টিকিট পাওয়া উচিত। দাবি করেন, মনোনীত মন্ত্রীরা ভিআইপি, তাঁদের লাইনে দাঁড়ানো সম্ভব নয়। এহেন মন্তব্যের পর কর্নাটকের ডেপুটি মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার জানান, প্রত্যেক এমএলএ এবং এমপিকে আরসিবি ম্যাচের তিনটে করে টিকিট দেওয়া হবে। কর্নাটকের এমএলএদের দ্বারা টিকিট নয়ছয়ের অভিযোগ উড়িয়ে দেন কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর। এইসবের জন্যই ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হল আহমেদাবাদে।















