আজকাল ওয়েবডেস্ক: ভারতের টি-টোয়েন্টি বিশ্বজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবকে মুম্বই ইন্ডিয়ান্স ইমপ্যাক্ট সাবে রেখে খেলতে নেমেছে। অন্যদিকে প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশে রয়েছেন। গত বছর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একাধিক ম্যাচে রোহিত ইমপ্যাক্ট সাব হিসেবে খেলেছিলেন।

মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। সূর্যকুমারকে শুরুর একাদশে রাখা হয়নি। রান তাড়া করার সময় তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে।

মুম্বইয়ের হয়ে অভিষেক হয় আফগানিস্তানের স্পিনার গজনফরের। শার্দুল ঠাকুর এবং শেরফেন রাদারফোর্ডও প্রথমবারের মতো মুম্বইয়ের হয়ে খেলছেন। গত মরশুমে ১৪ ইনিংসে ৩৮৮ রান করার পর কুইন্টন ডি ককের পরিবর্তে রায়ান রিকেলটনকে দলে নেওয়া হয়েছে। ট্রেন্ট বোল্টকে চতুর্থ বিদেশি খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে।

বোলিং আক্রমণের নেতৃত্বে আছেন জসপ্রীত বুমরাহ। তাঁকে সহায়তা করছেন বোল্ট এবং শার্দুল। টস জিতে হার্দিক পাণ্ডিয়া কেকেআরকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছেন। 

এবার কি অবশেষে প্রথম ম্যাচের অদৃষ্ট বদলাবে মুম্বই ইন্ডিয়ান্সের? ২০১২ সালের পর টানা ১৩টি মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে জয়ের মুখ দেখেনি মুম্বই। শনিবার থেকে শুরু হয়েছে এবারের আইপিএল। আজ রবিবার মুম্বই ইন্ডিয়ান্স নামছে আইপিএলে। সূর্যকুমার যাদবদের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স।

দলের প্রধান কোচ মাহেলা জয়বর্ধনেও এই ধাঁধার নির্দিষ্ট কোনও ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না। পাঁচবারের চ্যাম্পিয়ন দল কেন বারবার প্রথম ম্যাচে হোঁচট খায়, এর উত্তর তাঁর কাছেও স্পষ্ট নয়।

২০০৮ সালে আইপিএল শুরুর পর প্রথম চার মরশুমে মুম্বই প্রথম ম্যাচ জিতেছিল, কিন্তু ওই মরশুমগুলোর একটিতেও খেতাব জিততে পারেনি। অন্যদিকে, প্রথম ম্যাচে হারার ১৩ মরশুমের মধ্যে পাঁচবারই মুম্বই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে।
কেকেআরের বিরুদ্ধে হিটম্যান ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে গিয়েছেন। নাইটদের বিরুদ্ধে ১,০০০ রানের মাইলফলক ছাড়িয়েছেন। ফলে লড়াইটা যেমন কেকেআর বনাম মুম্বইয়ের। তেমনই রোহিত বনাম কেকেআরেরও।