আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন সঞ্জু স্যামসন। চেন্নাই সুপার কিংসের হয়ে ওপেন করতে নেমে একের পর এক ম্যাচ জেতানো ইনিংস খেলছেন তিনি।
ভারতের ঐতিহাসিক টি-টোয়েন্টি বিশ্বজয়ের পর এই টুর্নামেন্টে ৩১ বছর বয়সী এই ব্যাটারের পারফরম্যান্স ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে সর্বত্র।
তবে এই সাফল্যের মাঝেই সঞ্জুকে পরামর্শ দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। তাঁর মতে, সঞ্জু এখনও তাঁর চূড়ান্ত ফিটনেস লেভেলে নেই। তিনি বলেন, কেরিয়ারকে দীর্ঘায়িত করতে হলে এখন থেকেই ফিটনেসের উপর আরও বেশি জোর দেওয়া জরুরি।
মঞ্জরেকর বলেন, ''সঞ্জু স্যামসন এখন আর ২৫ বছরের তরুণ নয়। ইতিমধ্যেই নিজের সেরাটা ছুঁয়ে ফেলেছে। সেটা ধরে রাখতে গেলে ফিটনেসে আরও মন দিতে হবে, কারণ আমার মনে হয় সঞ্জু এখনও সর্বোচ্চ ফিটনেসে পৌঁছায়নি।''
এই প্রসঙ্গে মঞ্জরেকর উদাহরণ হিসেবে তুলে ধরেন বিরাট কোহলিকে। মঞ্জরেকরের মতে, কোহলি তাঁর দীর্ঘ কেরিয়ারের অন্যতম কারণ হিসেবে ফিটনেসকে সব থেকে গুরুত্ব দিয়েছেন।
৩৭ বছর বয়সেও তিনি সমান ফিট এবং নিয়মিত পারফর্ম করে চলেছেন।
এদিকে চলতি আইপিএলে সঞ্জুর পারফরম্যান্স নজরকাড়া। ১০ ম্যাচে ৪০২ রান করা হয়ে গিয়েছে তাঁর।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫২ বলে অপরাজিত ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। সেই ইনিংসে ছিল ৭টি চার ও ৬টি ছক্কা।
সব মিলিয়ে, ব্যাট হাতে ফর্মের তুঙ্গে থাকলেও ফিটনেস উন্নত করার পরামর্শ এখন সঞ্জুর সামনে নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
















