আজকাল ওয়েবডেস্ক: মাঠে তখন খেলা জমে উঠেছে। ওয়াংখেড়ের কংক্রিটের গ্যালারিতে উঠেছে মেক্সিকান ঢেউ। সবুজ মাঠে দুই দলের ক্রিকেটাররা একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছেন। উত্তেজনা-আবেগের ঢেউ আছড়ে পড়ছে কংক্রিটের ওই ভূখণ্ডে।
এই উত্তেজনার মধ্যেই গ্যালারির এক কোণে মুম্বই ইন্ডিয়ান্সের এক সমর্থক প্রেমের প্রস্তাব দেন কেকেআর-এর সমর্থককে।
পাশে থাকা দর্শকরা তাকিয়ে সে দিকে। এক অন্য মুহূর্ত হাজির গ্যালারিতে।
খেলার জয়-পরাজয় সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায়, কিন্তু মন দেওয়া নেওয়ার এই প্রস্তাব চিরকাল হৃদয়ের স্কোরবোর্ডে থেকে যায়।
প্রেম প্রস্তাবের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে, মুম্বই সমর্থকটি গ্যালারিতে হাঁটু মুড়ে বসে প্রস্তাব দিচ্ছেন নাইট সমর্থককে। ঠিক যখন প্রস্তাব দেওয়া হবে, সেই মুহূর্তেই আংটিটি পড়ে যায়। শুরু হয় বিশৃঙ্খলা। চলতে থাকে খোঁজাখুঁজি।
Shei Prothom Bhalobashar feeling 💜 pic.twitter.com/AtiWuB863m
— KolkataKnightRiders (@KKRiders)Tweet by @KKRiders
কয়েক মুহূর্তের জন্য সব ভুলে আংটি খোঁজায় ব্যস্ত হয়ে পড়েন সবাই। যা অত্যন্ত সুন্দর ভাবে হতে পারত, সেটাই বিশৃঙ্খলায় পরিণত হয়। দ্রুতই অবশ্য স্বস্তি ফিরে আসে। আংটিটি খুঁজে পাওয়া যায় শেষমেশ।
হাসি-ঠাট্টা-আনন্দের পরিবেশের মধ্যেই আবার শুরু হয় প্রস্তাব। এবার তা আগের থেকেও বেশি স্মরণীয় হয়ে ওঠে।
রবিবারের ওয়াংখেড়ে মুম্বই বনাম কলকাতা ম্যাচ নিয়ে উত্তাল হয়েছিল। কেকেআর ২২০ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিলেও শেষপর্যন্ত মুম্বইকে থামিয়ে রাখা সম্ভব হয়নি। রোহিত শর্মা-ঝড়ে মুম্বই জয় ছিনিয়ে নেয়।
আইপিএল এমনই সব মুহূর্তের জন্ম দেয়। একদিকে চলে উত্তেজনা। অন্যদিকে চিরদিনের ফ্রেমে থেকে যাওয়ার মুহূর্ত তৈরি হয় কংক্রিটের গ্যালারিতে।
















