আজকাল ওয়েবডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ শেন ওয়াটসন শ্রীলঙ্কার তারকা মাথিসা পাথিরানার বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন।
তাও আবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার ঠিক আগে।
তাঁর আগে কেকেআরের প্রধান কোচ অভিষেক নায়ার নিশ্চিত করে জানিয়েছিলেন যে, কাফ মাসলে চোটের জন্য টুর্নামেন্টের শুরুর দিকে খেলতে পারবেন না পাথিরানা। এপ্রিলের মাঝামাঝি সময়ে দলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর।
প্রাক্তন অজি তারকা ওয়াটসন বলেছেন, ''পাথিরানার ব্যাপারে এখন অপেক্ষা করতে হবে। আমরা শ্রীলঙ্কা ক্রিকেট সংস্থার নির্দেশ মেনে চলছি। যত দ্রুত সম্ভব পাথিরানাকে এখানে আনার জন্য আমরা সব রকম চেষ্টা করছি। কেকেআরের সাপোর্ট স্টাফ এবং মেডিক্যাল টিমের মান অত্যন্ত উচ্চমানের। আমাদের এবং শ্রীলঙ্কা ক্রিকেটের লক্ষ্য একই। আমরা চাই পাথিরানা এখানে আসুক এবং পুরোপুরি ফিট হয়ে উঠুক। আমরা ওকে নিয়ে তাড়াহুড়ো করতে চাই না।''
আইপিএল ২০২৬-এর নিলামে পাথিরানাকে ১৮ কোটি টাকায় কিনেছে কেকেআর। দলের পরিকল্পনায় দ্বীপরাষ্ট্রের তারকা গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এখন তাঁকে পাওয়া যাচ্ছে না। পাথিরানাকে ছাড়া কেকেআর কী করে, সেটাই দেখার।














