আজকাল ওয়েবডেস্ক:‌ এবারের আইপিএলে আদৌ খেলতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে?‌ প্রশ্ন উঠে গেছে। চোটের জন্য এখনও এবারের আইপিএলের একটি ম্যাচেও খেলতে দেখা যায়নি ধোনিকে। অথচ তিনি অনুশীলন করছেন। ব্যাটিং করছেন। এমনকী অনুশীলনে উইকেটকিপিংও করতে দেখা গিয়েছে ধোনিকে।
প্রথমে জানা গিয়েছিল আইপিএলের শুরুর দুই সপ্তাহ ধোনি খেলতে পারবেন না। কিন্তু সেই অপেক্ষা আরও দীর্ঘায়িত হয়েছে। 


এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ধোনির কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠে গেছে। অনেকেই ভাবছেন এবারই শেষ। আইপিএলকেও এবার বিদায় জানাবেন ধোনি। তবে ভাল খবর হল চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট আশার কথা শুনিয়েছে।


এক সংবাদমাধ্যমকে চেন্নাইয়ের এক কর্তা জানিয়েছেন, চলতি আইপিএলেই খেলতে দেখা যাবে ধোনিকে। তবে কোন ম্যাচে বা কবে তা স্পষ্ট করেননি তিনি। তবে ম্যাচ ফিটনেস এলেই যে ধোনি খেলবেন একথা স্পষ্ট করেছেন। ওই সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘‌ধোনির খেলা নিয়ে সিএসকে ম্যানেজমেন্ট ভীষণই আশাবাদী। অনুশীলনে কঠোর পরিশ্রম করছেন ধোনি। ব্যাটিংও করছেন দীর্ঘক্ষণ। ফুল ফিটনেস এলেই খেলবে ধোনি।’‌
এটা ঘটনা, গত ৫ মে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ ছিল চেন্নাইয়ের। সেই ম্যাচে দলের সঙ্গে ধোনি চেন্নাই যাননি। এরপরেই জল্পনা আরও ছড়িয়েছিল। তবে অবশেষে একটু আশার আলো দেখা গেল। 

তবে গ্রুপ পর্বে চেন্নাইয়ের আর চারটি ম্যাচ বাকি রয়েছে। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চেন্নাই আছে ছয়ে। প্লে–অফে না উঠতে পারলে হাতে আর থাকবে চারটি ম্যাচ। তাই ধোনি খেললেও ক’‌টি ম্যাচ খেলার সুযোগ পাবেন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। 

এদিকে, বিশাল অঙ্কের প্রস্তাব পেতে চলেছেন প্যাট কামিন্স। টেস্ট এবং একদিনের ক্রিকেট অধিনায়ককে দীর্ঘমেয়াদী অফার দিতে চলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যাতে জাতীয় দলের টুর্নামেন্টের সময় তাঁকে পাওয়া যায়। কামিন্সকে ১২ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১১৩ কোটি। বর্তমানে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন অজি অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার একটি দৈনিক সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, তাঁর সঙ্গে তিন বছরের দীর্ঘমেয়াদী চুক্তি চাইছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বছর প্রতি ৪ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি।

 

 


‌‌