আজকাল ওয়েবডেস্ক: প্লে অফের দৌড়ে এখনও রয়েছে চেন্নাই সুপার কিংস। তবে বাকি ম্যাচগুলো জিততে হবে। তারই মাঝে বড় ধাক্কা খেল চেন্নাই। বাড়ি ফিরে যাচ্ছেন জেমি ওভার্টন। ডান পায়ের উরুতে চোট আছে ইংলিশ ক্রিকেটারের। চলতি আইপিএলে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তারকা অলরাউন্ডার। ১০ ম্যাচে ১৪ উইকেট নেওয়ার পাশাপাশি ১৩৬ রান করেন। সোশ্যাল মিডিয়ায় সিএসকের পক্ষ থেকে জানানো হয়, 'জেমি ওভার্টনের ডান পায়ের উরুতে চোট রয়েছে। শুশ্রূষার জন্য ইউকেতে ফিরে যাচ্ছে।' সিএসকের পক্ষ থেকে ওভার্টনের ছিটকে যাওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
চোটের লম্বা তালিকায় এটা নতুন সংযোজন। আইপিএলের মাঝপথে ছিটকে যাওয়ার তালিকায় যুক্ত হলেন ৩২ বছরের ইংল্যান্ডের অলরাউন্ডার। বুধবার মহারাষ্ট্রের অলরাউন্ডার রামকৃষ্ণ ঘোষের পরিবর্ত হিসেবে নেওয়া হয় ম্যাকনিল নোরোনহাকে। প্রথম থেকেই একের পর এক ঝামেলায় জড়িয়ে চেন্নাই। মরশুমের শুরু থেকেই নেই এমএস ধোনি। মাঝ মরশুমে চোটের জন্য ছিটকে যায় আয়ুশ মাত্রে এবং খলিল আহমেদ। এছাড়াও দু'জন বিদেশি প্লেয়ারকে পায়নি চেন্নাই। প্রথম থেকেই পাওয়া যায়নি নাথান এলিস এবং স্পেন্সার জনসনকে।
১১ ম্যাচ থেকে ১২ পয়েন্ট সংগ্রহ করে পাঁচ নম্বরে চেন্নাই সুপার কিংস। প্লে অফের দৌড়ে টিকে থাকতে লড়াই করতে হবে। কয়েকদিন আগে নিজের ইউ টিউব চ্যানেল অ্যাশ কি বাতে নিজের মনোভাব স্পষ্ট করেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি মনে করছেন, সানরাইজার্স এবং আরসিবির প্লে অফে যাওয়া প্রায় নিশ্চিত। বাকি দুই স্পটের জন্য লড়াই করবে গুজরাট টাইটানস, রাজস্থান রয়্যালস এবং পাঞ্জাব কিংস। অশ্বিন বলেন, 'সানরাইজার্স এবং রাজস্থানের প্লে অফে যাওয়া নিশ্চিত। গুজরাট, রাজস্থান এবং পাঞ্জাবের মধ্যে দুটো দল যাবে।' চেন্নাইয়ের প্লে অফের পথ যে কঠিন, সেটা মেনে নেন। স্পষ্ট জানিয়ে দেন, আর কোনও পয়েন্ট নষ্ট করার জায়গায় নেই চেন্নাই। অশ্বিন বলেন, 'সিএসকেকে প্লে অফে যেতে হলে, বাকি সব ম্যাচ জিততে হবে। কোনও চান্স নেওয়া যাবে না।' পরিস্থিতি যা তাতে বাকি ম্যাচ জিতলেও, অন্যদের রেজাল্টের দিকে তাকিয়ে থাকতে হবে।















