আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে ইতিহাস সৃষ্টি করলেন কুপার কোনোলি। পাঞ্জাব কিংস হারলেও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শতরানে গড়লেন নতুন রেকর্ড। আইপিএলের ইতিহাসে কনিষ্ঠ বিদেশি হিসেবে সেঞ্চুরি করার নজির সৃষ্টি করলেন। ২২ বছরের অস্ট্রেলিয়ান একা হাতেই দলকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ২৩৬ রান তাড়া করতে নেমে ৫৯ বলে অপরাজিত ১০৭ রান করেন কোনোলি। একাই লড়াই করেন। কিন্তু শেষপর্যন্ত দলকে জেতাতে পারেননি। ৩৩ রানে জিতে শ্রেয়স আইয়ারদের সিংহাসনচ্যুত করে হায়দরাবাদ। কুইন্টন ডি ককের এক দশকের রেকর্ড ভাঙেন। আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ বিদেশি ক্রিকেটার হিসেবে শতরান করেন। ২২ বছর ২৫৭ দিনে এই নজির গড়লেন কোনোলি। ২৩ বছর ১২২ দিনে শতরান করেছিলেন ডি কক। ২৩ বছর ১৫৩ দিনের একশো করেছিলেন ডেভিড ওয়ার্নার। একই বয়সে মাত্র কয়েকদিনের ফারাকে শতরান করেন ডেভিড মিলার এবং ক্যামেরুন গ্রিন। সবাইকে ছাপিয়ে যান কোনোলি।

মাত্র ২২ বছর বয়সে পাঞ্জাব কিংসের হয়ে দ্বিতীয় শতরানকারী কোনোলি। এই এলিট তালিকায় রয়েছেন প্রভসিমরন সিং। ছয় মারার ক্ষেত্রেও গড়েন নজির। মাত্র ২২ বছরে এক ইনিংসে পাঞ্জাব কিংসের ব্যাটারের মারা সর্বোচ্চ ছক্কার রেকর্ড। নিজেকেই ছাপিয়ে যান। এর আগে চলতি আইপিএলেই লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে সাতটি ছয় মারেন। ২৩৬ রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাঞ্জাব। প্রথম ওভারে মাত্র এক রানে ফেরেন প্রিয়াংশ আর্য। প্রভসিমরন সিংকে ফেরত পাঠান নীতিশ কুমার রেড্ডি। মাত্র ৫ রানে আউট হন শ্রেয়স। ৪ ওভারের মধ্যে ২৩ রানে ৩ উইকেট হারায় পাঞ্জাব। তারমধ্যে একমাত্র ভয়ডরহীন ক্রিকেট খেলেন কোনোলি। ৫৭ বলে শতরান সম্পূর্ণ করেন। ৮টি ছয় এবং ৭টি চারে সাজান ইনিংস। ৭ উইকেট হারিয়ে ২০২ রানে শেষ করেন। কিন্তু একার হাতে দলকে জিতানো সম্ভব ছিল না। এই জয়ে পাঞ্জাব কিংসকে টপকে টেবিলের একনম্বর স্থান দখল করে সানরাইজার্স হায়দরাবাদ। ১১ ম্যাচে তাঁদের পয়েন্ট ১৪। হারের হ্যাটট্রিকে দ্বিতীয় স্থানে নেমে গেল পাঞ্জাব।