আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের গ্রুপ পর্ব প্রায় শেষের দিকে চলে এসেছে। শেষ চার ম্যাচ জিতে প্লে অফের দৌড়ে প্রবেশ করেছে কলকাতা নাইট রাইডার্স। তাতে বদলে যাচ্ছে বেশ কিছু সমীকরণ। দিল্লি ক্যাপিটালসের হারে অনেকটা ওপেন হয়ে গিয়েছে লিগ। শুরুতে উইকেট হারালেও, ফিন অ্যালেন এবং ক্যামেরুন গ্রিনের জুটিতে অনায়াসে ১৪৩ তাড়া করে জেতে নাইটরা। আইপিএলে প্রথম শতরান করেন অ্যালেন। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করে একনম্বরে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পাঞ্জাব কিংস। ১২ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালস। একই পয়েন্ট সংগ্রহ করে দৌড়ে রয়েছে গুজরাট টাইটানসও। তবে শুভমন গিলদের রানরেট সমস্যায় ফেলতে পারে।
১০ ম্যাচ থেকে ১০ পয়েন্ট সংগ্রহ করে ছয় নম্বরে চেন্নাই সুপার কিংস। প্লে অফের দৌড়ে টিকে থাকতে লড়াই করতে হবে। নিজের ইউ টিউব চ্যানেল অ্যাশ কি বাতে নিজের মনোভাব স্পষ্ট করলেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি মনে করছেন, সানরাইজার্স এবং আরসিবির প্লে অফে যাওয়া প্রায় নিশ্চিত। বাকি দুই স্পটের জন্য লড়াই করবে গুজরাট টাইটানস, রাজস্থান রয়্যালস এবং পাঞ্জাব কিংস। অশ্বিন বলেন, 'সানরাইজার্স এবং রাজস্থানের প্লে অফে যাওয়া নিশ্চিত। গুজরাট, রাজস্থান এবং পাঞ্জাবের মধ্যে দুটো দল যাবে।'
চেন্নাইয়ের প্লে অফের পথ যে কঠিন, সেটা মেনে নিলেন। স্পষ্ট জানিয়ে দেন, আর কোনও পয়েন্ট নষ্ট করার জায়গায় নেই চেন্নাই। অশ্বিন বলেন, 'সিএসকেকে প্লে অফে যেতে হলে, বাকি চারটে ম্যাচই জিততে হবে। কোনও চান্স নেওয়া যাবে না। ১৬ পয়েন্ট পেলেও বাকিদের দিকে তাকিয়ে থাকতে হবে। চারের মধ্যে তিনটে ম্যাচ হারতে হবে রাজস্থানকে। পাঞ্জাবকেও পয়েন্ট নষ্ট করতে হবে। পাশাপাশি নেট রানরেট বজায় রাখতে হবে। সেখানেই নেট রানরেট গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। লখনউয়ের বিরুদ্ধে দুটো ম্যাচ জিতলে, কোয়ালিফাই করার সুযোগ থাকবে। ২০১০ সালের মতো হতে পারে। সেখান থেকে প্রত্যেক ম্যাচ ব্লকবাস্টার।' অশ্বিন যতই আশার আলো দেখুক না কেন, ফর্মের বিচারে প্লে অফে যাওয়ার সম্ভাবনা কম ঋতুরাজদের।















