আজকাল ওয়েবডেস্ক: ইতিহাসের সন্ধিক্ষণে ভুবনেশ্বর কুমার। আইপিএলে আরও একটি মাইলস্টোন ছোঁয়ার মুখে ভারতীয় পেসার। বৃহস্পতিবার একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের ইতিহাসে প্রথম ফাস্ট বোলার হিসেবে ২০০ ম্যাচ খেলার নজির গড়বেন ভুবি। টি-২০ ক্রিকেটে গড়বেন আরও একটি নজির। আইপিএলের শুরুতে প্রথম পেসার এবং দ্বিতীয় বোলার হিসেবে ২০০ উইকেট নেন। চলতি মরশুমে দারুণ ছন্দে আছেন। ৯ ম্যাচে ১৭ উইকেট নিয়ে বেগুনি টুপির মালিক। ২০০ তম ম্যাচ খেলে আইপিএলের কিংবদন্তিদের এলিট তালিকায় প্রবেশ করবেন। কোটিপতি লিগের ইতিহাসে দ্বাদশ প্লেয়ার হিসেবে দুশোর তালিকায় প্রবেশ করবেন ভুবি। এই তালিকায় আছেন এমএস ধোনি, রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, দীনেশ কার্তিক, শিখর ধাওয়ান, রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্ক রাহানে, সুরেশ রায়না, রবিন উথাপ্পা, অম্বতী রায়ডু।

ভুবনেশ্বরের প্রশংসায় পঞ্চমুখ কোহলি। আইপিএলের ইতিহাসে সেরা তিন পেসারদের মধ্যে রাখেন তাঁকে। কোহলি বলেন, 'আইপিএলে ২০০ টা ম্যাচ খেলা বড় প্রাপ্তি। বিশেষ করে একজন ফাস্ট বোলার হিসেবে। এটাই ওর ধারাবাহিকতার প্রমাণ। বিভিন্ন ফরম্যাটে প্রচুর ক্রিকেট খেলেছে। বরাবর সাফল্য পেয়েছে। ম্যাচের বোধ ভাল।ক্রিকেট বুদ্ধি তীক্ষ্ম। নিঃসন্দেহে আইপিএলের সেরা তিন পেসারদের মধ্যে জায়গা করে নেবে। ইকোনমি রেট ভাল। চাপের সময় প্রতিবার ওর ওপর ভরসা করা যায়।' 

চলতি আইপিএলে চমক দিচ্ছেন ভুবনেশ্বর কুমার। ৩৬ বছর বয়সে আবার নিজের ছন্দ ফিরে পেয়েছেন। ৯ ম্যাচে ১৭ উইকেট তুলে নেন। ভুবিকে এই ছন্দে দেখে মুগ্ধ বীরেন্দ্র শেহবাগ। বোর্ডের নির্বাচক কমিটিতে পরামর্শ না দিয়ে থাকতে পারলেন না ভারতের প্রাক্তনী। ভারতের টি-২০ দলে ফের ভুবনেশ্বরকে সুযোগ দেওয়ার দাবি জানান। বীরু মনে করেন, বয়স কোনও বাধা নয়। আবার বুমরার সঙ্গে ভুবনেশ্বরের জুটি দেখতে চান। শেহবাগ বলেন, 'আমার কখনও মনে হয়, বয়স সংখ্যা মাত্র। ৩৫-৩৬ বছর তো কী হয়েছে? ও যদি এখনও এরকম পারফর্ম করতে পারে, তাহলে ভারতের টি-২০ দলে প্রত্যাবর্তনের আশা রাখা উচিত। অন্তত নির্বাচকদের ভাবা উচিত।' একসময় বুমরা এবং ভুবনেশ্বর কম্বিনেশন ছিল। আবার সেটা করা যেতে পারে। ও নতুন বলে এবং ডেথ ওভারে ভাল বল করছে। আমরা আবার পুরোনো ভুবনেশ্বরকে দেখতে পাচ্ছি। ওর বোলিংয়ে তীক্ষ্ণতা স্পষ্ট।' বীরুর পরামর্শ কি কানে তুলবেন নির্বাচকরা?