আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের প্লে অফ এবং ফাইনালের ভেন্যু খুব শীঘ্রই ঘোষণা করবে বিসিসিআই। কিন্তু ফাইনাল কোথায় হবে, সেই নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বোর্ডের সূত্র থেকে জানা গিয়েছে, পাঞ্জাব এবং কর্নাটকের মধ্যে প্লে অফের ম্যাচগুলো ভাগ করে দেওয়া হবে। কিন্তু বেঙ্গালুরুতে ফাইনাল হওয়া নিয়ে সংশয় রয়েছে। নিয়ম অনুযায়ী, আগের আইপিএলে যে দল চ্যাম্পিয়ন হয়, সেখানেই ফাইনাল অনুষ্ঠিত হয়। কিন্তু বেঙ্গালুরুতে রাজনৈতিক ইস্যু, বিশেষ করে এমএলএদের টিকিটের চাহিদা সমস্যা তৈরি করেছে। বোর্ডের এক সূত্র জানান, 'আইপিএল ২০২৬ এর প্লে অফ এবং ফাইনালের ভেন্যু শীঘ্রই ঘোষণা করা হবে। ম্যাচগুলো পাঞ্জাব এবং কর্নাটকের মধ্যে ভাগ করে দেওয়া হবে। নিয়ম অনুযায়ী, ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ফাইনাল আয়োজন করে। কিন্তু এমএলএ টিকিট ইস্যু সমস্যা তৈরি করছে। সমস্যার সমাধান না হলে, বোর্ড অন্য শহরে ফাইনাল সরিয়ে নিয়ে যেতে পারে।' 

আইপিএলের উদ্বোধনী ম্যাচের আগে কংগ্রেসের এমএলএ বিজয়নন্দ কাশ্যপপানাবার জানান, প্রত্যেক এমএলএর পাঁচটি করে টিকিট পাওয়া উচিত। দাবি করেন, মনোনীত মন্ত্রীরা ভিআইপি, তাঁদের লাইনে দাঁড়ানো সম্ভব নয়। এহেন মন্তব্যের পর কর্নাটকের ডেপুটি মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার জানান, প্রত্যেক এমএলএ এবং এমপিকে আরসিবি ম্যাচের তিনটে করে টিকিট দেওয়া হবে। কর্নাটকের এমএলএদের দ্বারা টিকিট নয়ছয়ের অভিযোগ উড়িয়ে দেন কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর। জানান, টিকিট অনলাইনে বুক করা হয়। যারা কেনে, শুধুমাত্র তাঁরাই ব্যবহার করে। শুধুমাত্র এমএলএ এবং তাঁর পরিবারের লোকেরা চিন্নস্বামী স্টেডিয়ামে খেলা দেখতে পারে। কারণ টিকিট হস্তান্তরের কোনও নিয়ম নেই। তাই অন্যরা ব্যবহার করতে পারে না। টিকিট সমস্যার মধ্যে ঢুকতে চাইছে না বোর্ড। সেই কারণেই বেঙ্গালুরু থেকে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। 

এদিকে প্লে অফের জন্য হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে দলগুলোর মধ্যে। ১৩ পয়েন্ট নিয়ে একনম্বরে পাঞ্জাব কিংস। শ্রেয়সদের তাড়া করছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইট্যান্স। সবার পয়েন্ট ১২। কিন্তু নেট রানরেটে আলাদা। এই তালিকায় সবার আগে আরসিবি। টেবিলের মাঝামাঝি দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংস। আট নম্বরে কলকাতা নাইট রাইডার্স। অঙ্কের বিচারে এখনও প্লে অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে। টেবিলের তলানিতে মুম্বই ইন্ডিয়ান্স এবং লখনউ সুপার জায়ান্টস। এই দুই দলের প্লে অফে যাওয়ার কোনও সম্ভাবনা নেই।