আজকাল ওয়েবডেস্ক: আর দেরি নয়, অবিলম্বে বৈভব সূর্যবংশীকে জাতীয় দলে সুযোগ দেওয়ার দাবি জানালেন ইরফান পাঠান। মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সংক্ষিপ্ত বিধ্বংসী ইনিংস দেখে মুগ্ধ ভারতের প্রাক্তন তারকা। ১১ ওভারের ম্যাচের শুরুটা দারুণ করেন বৈভব। যশপ্রীত বুমরার বলে দুটো ছয়ে অভিভূত বিশেষজ্ঞ থেকে প্রাক্তনরা। পাঠান তাঁকে 'নিয়তির সন্তান' এর অ্যাখ্যা দেন। একইসঙ্গে জানান, বর্তমানে সাদা বলের ক্রিকেটে যেভাবে খেলছে বৈভব, তেমন তিনি আগে কখনও দেখেননি। ইউ টিউব চ্যানেলে ইরফান বলেন, 'সূর্যবংশী নিয়তির সন্তান। সাদা বলের ক্রিকেটে মাত্র ১৫ বছর বয়সে যা করছে, আমার মনে হয় না আমরা আগে কখনও দেখেছি।'
ম্যাচের আগে বৈভব জানান, বুমরার বিরুদ্ধে খেলার অপেক্ষায় ছিলেন তিনি। যা শুনে অবাক ইরফান। বিষ্ময় বালকের ভয়ড়রহীন মনোভাবের প্রশংসা করেন। ইরফান বলেন, '১৫ বছরের ওয়ান্ডার কিড বলে, যশপ্রীত বুমরার জন্য অপেক্ষা করছি। আগের বছর আমি ওর বলে আউট হয়েছি। আমি এই বছর ওকে মারব। কথা মতো, প্রথম বলেই বুমরাকে ছয় মারে।' সূর্যবংশীর মনোভাবের প্রশংসা করেন ভারতের প্রাক্তনী। দাবি করেন, ১৫ বছরের তরুণ বুমরার পরিকল্পনা ভেস্তে দেয়। এই প্রসঙ্গে ইরফান বলেন, 'বুমরার কোনও নির্দিষ্ট পরিকল্পনা ছিল না। স্লোয়ারে যেভাবে মুভ করে, ভারতীয় পেসারকে ভাবিয়ে তোলে। সাদা বলের ক্রিকেটে বুমরার মতো কোনও বোলার নেই ভারতের। তাঁর বিরুদ্ধেই এমন ব্যাটিং করে।'
বৈভবকে অপেক্ষায় না রাখার আর্জি জানান পাঠান। বরং, দ্রুত জাতীয় দলে সুযোগ দেওয়ার পরামর্শ দেন। ইরফান বলেন, 'এই ছেলেটাকে বেশিদিন অপেক্ষায় রেখো না। ওকে ভারতের টুপি দাও। ও ২০ বছর পেশাদার ক্রিকেট খেলতে পারবে। ও বোলারদের মনে ভয় ধরিয়ে দিতে পারে।' প্রসঙ্গত, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিংয়ের পর আইপিএলের শুরুতেই ধামাকা বৈভব সূর্যবংশীর। এর আগে এবিস্ময় বালকের হয়ে ব্যাট ধরেন মাইকেল ভন। বিসিসিআইকে বিশেষ বার্তা দেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। ভারতের সিনিয়র দলে বৈভবকে সুযোগ দেওয়া নিয়ে সওয়াল তোলেন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের ৮ উইকেটে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ১৫ বছরের ক্রিকেটার। ১২৭ রানে শেষ হয়ে যায় চেন্নাইয়ের ইনিংস। রান তাড়া করতে নেমে মাত্র ১৭ বলে ৫২ রানের ইনিংস খেলেন বৈভব। তরুণ ক্রিকেটারের এই পারফরম্যান্সের পর আসন্ন ইংল্যান্ড সিরিজে বৈভবকে সিনিয়র দলে সুযোগ দেওয়ার জন্য আর্জি জানান ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। দাবি করেন, একাধিকবার নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন তিনি।
















