আজকাল ওয়েবডেস্ক: আসন্ন আফগানিস্তান সিরিজের একদিনের দলে রাখা হয়েছে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। কিন্তু ২০২৭ বিশ্বকাপের টিকিট এখনও নিশ্চিত নয় হিটম্যানের। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, রোহিতের ফিটনেস সম্বন্ধে সন্ধিহান বোর্ড কর্তারা। বিশ্বকাপের দলে সুযোগ পেতে হলে, ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে হবে। সর্বোচ্চ পর্যায়ে ৫০ ওভারের ম্যাচ খেলা নিয়ে চিন্তায় বিসিসিআই। হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য আইপিএলে মুম্বইয়ের বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি রোহিত। আফগানিস্তান সিরিজের দল নির্বাচনের আগে মুম্বইয়ের থেকে রোহিতের ফিটনেস রিপোর্ট চাওয়া হয়েছিল। ৫০ ওভার ফিল্ডিং করার লোড তাঁর শরীর নিতে পারবে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠছে। 

বোর্ডের এক সূত্র বলেন, 'নির্ধারিত তিন সপ্তাহ রোহিত বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে যোগ দেয়নি। ও রোগা হয়ে গিয়েছে ঠিকই। কিন্তু হাই পারফরম্যান্স স্পোর্টের ভার ওর শরীর নিতে পারবে কিনা সেই নিয়ে প্রশ্ন রয়েছে। ওকে ৫০ ওভার ফিল্ডিং করতে হবে। একদিনের ক্রিকেটে আইপিএলের মতো ইমপ্যাক্ট প্লেয়ারের বিকল্প নেই। ৪০ এর কাছাকাছি পৌঁছে গেলে শরীরের আবার নিজের জায়গায় ফিরতে সময় লাগে।' ভবিষ্যতের কথা ভেবে যশস্বী জয়েসওয়ালের পাশাপাশি অন্যান্য ব্যাকআপের কথা ভাবতে শুরু করেছে নির্বাচকরা। বোর্ডের সূত্র বলেন, 'বিশ্বকাপের আগে বেশি একদিনের ম্যাচ নেই। যশস্বীও যথাযথ গেম টাইম পায়নি। ঈশানকে রাখা হয়েছে যাতে প্রয়োজনে ওপেন করতে পারে। রোহিত যদি বিশ্বকাপের দলে সুযোগ না পায়, শুভমন গিল বা যশস্বী জয়েসওয়ালের মধ্যে কেউ চোট পায়, তাহলে আরেকজন ওপেনারকে তৈরি রাখতে হবে।' 

দল নির্বাচনের ক্ষেত্রে সবসময় বিরাট এবং রোহিতকে একসঙ্গে নিতে হবে, এই ধারণা থেকে বেরোতে চাইছে বোর্ড এবং ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কোহলির ফিটনেস রোহিতের থেকে অনেক ভাল। পাশাপাশি বর্তমানে রোহিত আল্ট্রা আগ্রাসী মনোভাব নিয়ে খেলছে না। যা দেখে মোটেই খুশি নয় টিম ম্যানেজমেন্ট। আগের বিশ্বকাপে প্রত্যেক ম্যাচে শুরুটা দারুণ করেছিলেন হিটম্যান। তাঁর ব্যাটিংয়ে শুরুতেই দল অনেকটা এগিয়ে যায়। কিন্তু বর্তমানে ব্যাটিংয়ে ধরন বদলে ফেলেছেন রোহিত। বোর্ডের সূত্র বলেন, 'বর্তমানে কোহলির ফিটনেস এবং ফর্ম অধিকাংশ ভারতীয় ক্রিকেটারের থেকে ভাল। বুঝতে হবে সবসময় বিরাট এবং রোহিতকে একই সারিতে রাখা সম্ভব নয়। বিসিসিআইয়ের মেডিক্যাল দলের সঙ্গে কথা বলার পর, রোহিতকে নিয়ে কড়া সিদ্ধান্ত নিতে হবে।' শেষপর্যন্ত ২০২৭ বিশ্বকাপের দলে রোহিত থাকবে কিনা, সেটা সময়ই বলবে।