আজকাল ওয়েবডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে স্বস্তির খবর। অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া এবং সহ-অধিনায়ক সূর্যকুমার যাদবকে ঘিরে নতুন আপডেট সামনে এসেছে আরসিবি ম্যাচের আগে। রবিবার রায়পুরে মুখোমুখি হবে দুই দল।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আগের ম্যাচে পিঠের চোটজনিত সমস্যার কারণে খেলতে পারেননি হার্দিক। সেই কারণে তিনি দলের সঙ্গে প্রথমে রায়পুরে যাননি। পরে ৭ মে তিনি দলের সঙ্গে যোগ দেন। অন্যদিকে, সদ্য কন্যাসন্তানের বাবা হওয়ায় স্ত্রীকে সময় দিতে মুম্বইয়েই ছিলেন সূর্যকুমার যাদব।
মুম্বই ইন্ডিয়ান্সের এক মুখপাত্র জানিয়েছেন, ''হার্দিককে মেডিক্যাল টিম নিয়মিত পর্যবেক্ষণে রেখেছে। ওর শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে। অন্যদিকে, সূর্যও দলের সঙ্গে যোগ দেবে।''
আরসিবি-র বিরুদ্ধে এই ম্যাচটি মুম্বইয়ের জন্য কার্যত ডু অর ডাই ম্যাচ। হার্দিক ও সূর্য দু'জনের অনুপস্থিতিতে প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা আবার নেতৃত্ব দিতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছিল। তবে সূর্যকুমার সময়মতো দলে যোগ দিলে, হার্দিক খেলতে না পারলে তিনিই নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা বেশি।
এদিকে দলের অলরাউন্ডার রাদারফোর্ড সংবাদমাধ্যমকে বলেন, ''ব্যক্তিগতভাবে আমরা শুধু নিজেদের নিয়ন্ত্রণে থাকা বিষয়গুলির উপরই ফোকাস করছি। নির্বাচনের উপর আমাদের কোনও নিয়ন্ত্রণ নেই। তাই ধারাবাহিকভাবে কঠোর পরিশ্রম করে যেতে হবে এবং ইতিবাচক মানসিকতা ধরে রাখতে হবে।''
প্লে-অফের লড়াই নিয়েও আশাবাদী রাদারফোর্ড। তিনি বলেন, ''আমাদের সামনে সমীকরণ খুব পরিষ্কার। বাকি চারটি ম্যাচই জিততে হবে। টপ ফোরে জায়গা করে নিতে হলে এটাই একমাত্র রাস্তা।''
বর্তমানে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। প্লে-অফে উঠতে হলে শুধু নিজেদের সব ম্যাচ জিতলেই হবে না, অন্য ম্যাচের ফলের দিকেও তাদের তাকিয়ে থাকতে হবে।















