আজকাল ওয়েবডেস্ক: এক সপ্তাহ পরই শুরু আইপিএল। কিন্তু তারকা প্লেয়ারদের চোট নিয়ে সমস্যায় পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বিদেশিদের জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে দলগুলো। প্যাট কামিন্সকে পাবে না সানরাইজার্স হায়দরাবাদ। নতুন অধিনায়ক হিসেবে ঈশান কিষাণের নাম ঘোষণা করা হয়েছে। আইপিএলের শুরুতে জস হ্যাজলউডকে পাবে না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এমনকী মিচেল স্টার্ককে টুর্নামেন্টের শুরুতে পাওয়া যাবে না। আইপিএলের ঠিক প্রাক্কালে বিদেশিদের সরে যাওয়া নিয়ে সরব আকাশ চোপড়া। জানান, এর ফলে বিশাল অর্থ ব্যয় করে প্লেয়ারদের নেওয়া সত্ত্বেও ক্ষতিগ্রস্থ হয় ফ্র্যাঞ্চাইজিরা। স্টার্ক নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াকে প্রশ্নের মুখে ফেলেন ভারতের প্রাক্তনী।
আকাশ চোপড়া বলেন, 'যদি আইপিএলের শুরুতে মিচেল স্টার্কও না আসে, ক্রিকেট অস্ট্রেলিয়া কী করছে? জস হ্যাজলউডকে আসতে দেওয়া হয়নি। প্যাট কামিন্স আসছে না। এবার মিচেল স্টার্ককেও আটকে দেওয়া হল? ও সম্পূর্ণ ফিট থাকা সত্ত্বেও। ও ইতিমধ্যেই টি-২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছে। সুতরাং শেষ দুই মাসে ও কী করেছে? অ্যাশেজের পর কোনও ক্রিকেট খেলেনি। কিন্তু তাসত্ত্বেও ওকে বিশ্রাম নিতে বলা হয়েছে। কারণ সামনে বড় টেস্ট মরশুম আসছে। যেখানে ভারতের বিরুদ্ধে পাঁচটা টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। সেটা পরের আইপিএলের আগে। এখন কেন তোমরা এটা করছো?'
বিদেশি প্লেয়ারদের কীভাবে হ্যান্ডেল করা হয়, সেই বিষয়েও খতিয়ে দেখতে বলা হয়েছে। লকি ফার্গুসনের বিষয়টি তুলে ধরেন ভারতের প্রাক্তন তারকা। পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য আইপিএলের শুরুটা মিস করবে কিউয়ি তারকা। আকাশ চোপড়া বলেন, 'আমি লকি ফার্গুসনের কথা ভাবছি। এটা সিরিয়াস ইস্যু। আমি জানি না ওর চোট আছে কিনা। তবে আমি পড়ে জেনেছি, প্রথম সাত ম্যাচে ওকে পাওয়া যাবে না। ও বলেছে, পরিবারের সঙ্গে সময় কাটাতে চায়। বেস প্রাইজে ওকে নেওয়া হয়েছে। ২ কোটিতে কেনা হয়েছে। ও নিউজিল্যান্ডের জাতীয় দলে খেলছে। তারপর বাড়ি ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাবে। এটা একেবারেই খারাপ বিষয় নয়। এই দিয়ে কাউকে বিচার করা যায় না। কিন্তু এর জন্য আইপিএলের সাতটা ম্যাচ ছেড়ে দিলে, ফ্র্যাঞ্চাইজিদের ভাবতে হবে। কারণ এটা ঠিক নয়। কারণ সাত ম্যাচ পরে তুমি আসবে, এক কোটি নিয়ে কেটে পড়বে। এটার অর্থ কী? ততক্ষণে দল হয়ত খারাপ জায়গায় পৌঁছে যাবে।' আইপিএলের ঠিক আগে প্লেয়ারদের, বিশেষ করে বিদেশিদের সরে যাওয়া নিয়ে প্রশ্ন তুললেন ভারতের প্রাক্তন তারকা।
