আজকাল ওয়েবডেস্ক: মানসিকতার পরিবর্তন নিয়ে আসন্ন আইপিএল খেলতে চলেছেন যুজবেন্দ্র চহাল। খারাপ সময়কে পিছনে ফেলে তিনি এগিয়ে যেতে চান। সেই তিনি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবি ডিভিলিয়ার্সকে ইউটিউব সাক্ষাৎকারে বলেছেন, ''এই বছর আমার মন বলেছে শরীরের যত্ন নিতে। আমি অ্যালকোহল খাওয়া বন্ধ করে দিয়েছি। এটাই ভাল খবর আপনাদের সবার জন্য।'' 

চাহাল আরও বলেছেন, ''প্রায় ছ'মাসের বেশি হয়ে গেল আমি আর অ্যালকোহল ছুঁয়ে দেখিনা। আমি আরও সক্রিয় থাকতে চাই। আমার দলের হয়ে দেড়শো শতাংশ দিতে চাই। সিনিয়র বোলার হিসেবে আমাকে আইপিএলে দেখে সবাই যাতে বলতে পারে, তোমাকে দেখে আমি শিখেছি।'' 

গতবার পাঞ্জাব কিংসের হয়ে ১৪টি ম্যাচ খেলেছেন চাহাল। ১৬টি উইকেট সংগ্রহ করেন তিনি। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে পাঞ্জাব ফাইনালে পৌঁছেছিল। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ফাইনালে হার মানে চাহাল-শ্রেয়সের পাঞ্জাব। 

চাহাল বলেন সেই হার এখনও তাঁকে যন্ত্রণা দেয়। মার্কো জ্যানসেনের অভাব বোধ করেছে পাঞ্জাব বলে মনে করেন তিনি। চাহাল বলছেন, ''ফাইনালে জ্যানসেনের অভাব আমরা অনুভব করেছি। জ্যানসেন ছিল না ফাইনালে। ও থাকলে আমরা চ্যাম্পিয়ন হতাম।''     

১৭৪টি ম্যাচে ২২১টি উইকেটের মালিক চাহাল। আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। ৩১ মার্চ পাঞ্জাবের সামনে গুজরাট টাইটান্স। নতুন করে শপথ নেওয়া চাহাল এবার কী করেন, সেটাই দেখার।