আজকাল ওয়েবডেস্ক: লখনউ সুপার জায়ান্টসের ঘরের মাঠে হারের পর দলের পারফরম্যান্স নিয়ে কড়া আত্মসমালোচনার ইঙ্গিত দিলেন দলের মেন্টর।
তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী মরশুমের আগে নেতৃত্ব নিয়েও বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
ম্যাচের পর সাংবাদিক বৈঠকে মুডি বলেন, ''এই মরশুম আমাদের জন্য খুব কঠিন ছিল। আমরা সময় নিয়ে সব দিক খতিয়ে দেখব এবং কোথায় ভুল হয়েছে তা বিশ্লেষণ করব। আমাদের প্রত্যাশা ও মানদণ্ডের ধারেকাছেও পৌঁছতে পারিনি। তাই ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব নিয়েও গুরুত্ব সহকারে ভাবনা-চিন্তা করা হবে।''
তিনি আরও বলেন, ''প্রতিটি বিভাগ নিয়েই পর্যালোচনা হবে। এখন মনে হচ্ছে, দলকে নতুনভাবে গড়ে তোলার প্রয়োজন রয়েছে।''
তবে আপাতত কোনও নির্দিষ্ট ব্যক্তি বা বিভাগের উপর দায় চাপাতে চাননি মুডি। তাঁর কথায়, ''আমরা সবাই দায়ী। এখন কাউকে আলাদা করে দোষারোপ করার সময় নয়। শান্তভাবে পুরো মরশুম বিশ্লেষণ করতে হবে। তবে কিছু বিষয় অবশ্যই বদলানো দরকার এবং সেই পরিবর্তন আনা হবে।''
এদিকে দলের অধিনায়ক ঋষভ পন্থের ভবিষ্যৎ নিয়েও শুরু হয়েছে জল্পনা। ২৮ বছর বয়সে কেরিয়ারের সেরা সময়ে থাকার কথা থাকলেও সাম্প্রতিক সময়ে তাঁর পারফরম্যান্স ধারাবাহিক নয়। আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠের সিরিজে ভারতের সাদা বলের দল থেকেও বাদ পড়েছেন তিনি।
শুধু তাই নয়, টেস্ট দলেও সহ-অধিনায়কের দায়িত্ব এখন লোকেশ রাহুলের হাতে গিয়েছে। উল্লেখযোগ্যভাবে, রাহুলই ২০২৫ সালের আগে এলএসজি-র অধিনায়ক ছিলেন।
ব্যাট হাতে কিংবা নেতৃত্বে— কোনও ক্ষেত্রেই এই মরশুমে পন্থ প্রত্যাশা পূরণ করতে পারেননি। ফলে আগামী মরশুমে লখনউ ফ্র্যাঞ্চাইজি তাঁকে অধিনায়ক হিসেবে ধরে রাখবে নাকি নতুন পথ বেছে নেবে, এখন সেটাই বড় প্রশ্ন।















