আজকাল ওয়েবডেস্ক: ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহবাগ  কলকাতা নাইট রাইডার্সের কড়া সমালোচনা করেছেন।  চেন্নাই সুপার কিংসের কাছে ৩২ রানে হার মানে কেকেআর। 

 চলতি মরশুমে এটি কেকেআরের টানা চতুর্থ হার। সেহবাগ  সমালোচনা করেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে বিপুল অর্থ খরচ করে দলে নেওয়ার সিদ্ধান্তকে। বীরু বলেন, বড়সড় নিলাম ভুল। চিপকে খারাপ পারফরম্যান্সের পর এহেন মন্তব্য করেন বীরু। আইপিএলে গ্রিন লাগাতার ব্যর্থ হচ্ছেন। চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম বলেই তিনি বোল্ড হন। চলতি মরশুমে গ্রিন ধারাবাহিক ভাবে ব্যর্থ হন। 
এই বিনিয়োগ এখনও পর্যন্ত কোনও ফল দেয়নি। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় গ্রিন পাঁচ ম্যাচে মাত্র ৫৬ রান এবং একটি উইকেট নিয়েছেন। 

পিঠের চোটের কারণে তিনি প্রথম তিনটি ম্যাচে বলও করতে পারেননি, ফলে তাঁর প্রভাব আরও কমেছে।

কেকেআর ম্যানেজমেন্টকে নজফগড়ের নবাব  অনুরোধ করেন, যেন তাঁরা ভুল স্বীকার করে নেন। টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার পর বীরু মনে করেন, পরের ম্যাচে সবচেয়ে সাহসী এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত হবে গ্রিনকে একাদশ থেকে বাদ দেওয়া।
তিনি বলেন, ''এত টাকা খরচ করে যদি এই খেলোয়াড়দের নেওয়া হয়, বিশেষ করে ক্যামেরন গ্রিনের জন্য ২৫-২৭ কোটি টাকা, তাহলে এখন ও দলের বোঝা হয়ে গিয়েছে। খেলালে পারফরম্যান্স নেই, না খেলালে প্রশ্ন উঠবে কেন এত টাকা খরচ করা হল। কিন্তু ভুল স্বীকার করতে লজ্জা নেই। স্বীকার করুন যে এত টাকা খরচ করে ভুল হয়েছে। ওকে বাদ দিন এবং অন্য কাউকে সুযোগ দিন। ওর বোলিং থেকেও খুব বেশি কিছু পাওয়া যাচ্ছে না, আর গ্রিনের উপস্থিতি দলকে ভারসাম্যও দিচ্ছে না।''
সেহবাগ কৌশলগত পরিবর্তনের পরামর্শও দেন। তিনি বলেন, গ্রিনের পরিবর্তে সেইফার্ট-কে দলে নেওয়া উচিত। 

তাঁর মতে, সেইফার্ট এবং ফিন অ্যালেন ওপেন করতে নামলে আক্রমণাত্মক জুটি গড়ে উঠবে। 

এর ফলে অধিনায়ক অজিঙ্ক রাহানে তিন নম্বরে নেমে ইনিংসকে নির্ভরতা দিতে  পারবেন।
তিনি আরও বলেন, “অ্যালেন ও সেইফার্টকে ওপেন করতে দিন। তারপর রাহানে তিন নম্বরে, পাওয়েল চার নম্বরে, এবং রঘুবংশীকে আরও নিচে নামান। এতে রাহানে আউট হলে রঘুবংশী নামতে পারবে, আর অন্য কেউ আউট হলে পাওয়েল বা রিঙ্কু নামতে পারবে।''
রাহানের দল বেশি সময় পাবে না। হতশ্রী শুরু করেছে তারা। ১৭ এপ্রিল কেকেআরের পরের ম্যাচ আহমেদাবাদে। কলকাতার সামনে গুজরাট।