আজকাল ওয়েবডেস্ক: কেরিয়ারের শেষভাগে পৌঁছলেও ব্যাট হাতে দাপট ধরে রেখেছেন বিরাট কোহলি। নিয়মিতভাবেই নতুন নতুন রেকর্ড গড়ে চলেছেন তিনি। শুক্রবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে আবারও একটি বিশ্বরেকর্ড গড়লেন এই তারকা ব্যাটার।
তবে ব্যক্তিগত ইনিংসে বড় রান পাননি কোহলি। মাত্র ১১ বলে ১৫ রান করে আউট হন তিনি। কিন্তু ওপেনিংয়ে ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে ৬০ রানের জুটি গড়ে পৌঁছে যান অনন্য এক মাইলফলকে।
এই জুটির মাধ্যমে টি–টোয়েন্টি ক্রিকেটে ৫০ বা তার বেশি রানের পার্টনারশিপে অংশ নেওয়ার সংখ্যা কোহলির দাঁড়িয়েছে ২১১–তে, যা পুরুষদের টি–টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ। এতদিন এই রেকর্ড ছিল অ্যালেক্স হেলসের দখলে, যার সংখ্যা ছিল ২১০। তালিকায় এরপর রয়েছেন ডেভিড ওয়ার্নার, বাবর আজম ও ক্রিস গেইল।
রেকর্ড গড়ার দিনেও অবশ্য দলকে জয় এনে দিতে পারেনি তাঁর পারফরম্যান্স। প্রথমে ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদ ৪ উইকেটে ২৫৫ রানের বিশাল রান করে। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ব্যর্থ হয় বেঙ্গালুরু, তাদের ইনিংস থামে ২০০ রানে।















