আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন।
চলতি আইপিএলে ৩৬ বলে শতরান করলেন। ছক্কা মেরে সেঞ্চুরি করলেন তিনি।
তিনি আর কেউ নন। বৈভব সূর্যবংশী। গতবার গুজরাট টাইটান্সের বোলারদের পিটিয়ে সেঞ্চুরি করেছিলেন।
এদিন সানরাইজার্স হায়দরাবাদের বোলারদের বিরুদ্ধে মারমুখী সেঞ্চুরি করলেন। ছক্কা মেরে সেঞ্চুরি করেন তিনি। তার পরে হেলমেট খুলে, শূন্যে হৃদয় দেখানোর পরে স্যালুট করলেন। অভিনব উদযাপন বৈভবের। ধারাভাষ্যকাররা বলছিলেন, অন্য কেউ হলে লাফিয়ে উঠতেন। বৈভব শান্ত।
সেঞ্চুরির আগের বলটা বাউন্ডারিতে পাঠিয়েছিলেন। কিন্তু তিনি নিজে আশা করছিলেন ছক্কা হবে। ছক্কা না হওয়ায় নিজেই হতাশ হয়ে পড়েন। সেঞ্চুরি করার পরে অবশ্য বেশিদূর এগোতে পারেননি বৈভব। পরের বলেই এলবি হন সূর্যবংশী।
তাঁর ১০৩ রানের ইনিংসে সাজানো ছিল ৫টি চার ও ১২টি ছক্কা। তার মধ্যে প্যাট কামিন্সের মতো বোলারকে প্রথম বলেই ছক্কা মারেন। এর আগে জশপ্রীত বুমরাহকে প্রথম বলে ওভার বাউন্ডারি মেরেছিলেন। এবার কামিন্সকে। তাছাড়া প্রফুল্ল হিঙ্গে প্রথম সাক্ষাতে সূর্যবংশীকে ফিরিয়েছিলেন। এদিন হিঙ্গের বিরুদ্ধে প্রতিশোধ নিলেন সূর্যবংশী। তাঁর জন্যই যশস্বী জয়সওয়ালের উইকেট শুরুতে হারালেও রাজস্থানের রানের গতি কমেনি।
শনিবার সেঞ্চুরির খেলা। দিনের প্রথম ম্যাচে লোকেশ রাহুল ১৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। পরে পাঞ্জাবের শ্রেয়স আইয়ার ৭১ রানে অপরাজিত থেকে দলকে জেতান। সন্ধ্যার ম্যাচে বৈভব সেঞ্চুরি হাঁকালেন।















