আজকাল ওয়েবডেস্ক: আরসিবি-দিল্লি ক্যাপিটালস ম্যাচে অনন্য রেকর্ড টিম ডেভিডের।  আরসিবি-র ইনিংস চলাকালীন, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার আইপিএলে দ্রুততম ১,০০০ রান পূর্ণ করা ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে নিজের নাম লিখে ফেললেন। 

ডেভিড এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। প্রথম স্থানে আছেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। 

রাসেল ৫৪৫ বল খেলেই ১,০০০ রান পূর্ণ করেছিলেন। আর ডেভিড এই কৃতিত্ব অর্জন করেন ৫৬০ বলে। 

তাঁর সতীর্থ ফিল সল্টও এই তালিকায় উল্লেখযোগ্য তালিকায় রয়েছেন। তিনি ৫৭৫ বলে এই মাইলফলক স্পর্শ করে চতুর্থ স্থানে রয়েছেন।

ম্যাচের শুরু থেকেই চাপে ছিল আরসিবি।  পাওয়ারপ্লেতে বিরাট কোহলির উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় তারা। 

দিল্লি ক্যাপিটালসের বোলাররা পুরো ইনিংস জুড়েই চাপ বজায় রাখে এবং ধারাবাহিকভাবে উইকেট তুলে নিয়ে রান রেট কমিয়ে রাখে। 

ফিল সল্ট ৩৮ বলে ৬৩ রানের দুর্দান্ত  ইনিংস খেলেন। বাকি ব্যাটসম্যানরা কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলের স্পিন বোলিংয়ের সামনে বেশ কষ্টে পড়েন।


টিম ডেভিড ১৭ বলে ২৬ রান করেন।  যার মধ্যে ছিল তিনটি চার ও একটি ছক্কা। 

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু করে ৮ উইকেটে ১৭৫ রান। দিল্লি ক্যাপিটালস এক বল বাকি থাকতে ম্যাচ জিতে যায়। টিম ডেভিডের রেকর্ডের দিনে হেরে গেল আরসিবি।