আজকাল ওয়েবডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদ ১৮ এপ্রিল ঘোষণা করেছে যে তারা দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার জেরাল্ড কোয়েটজিকে দলে নিয়েছে।  ইংল্যান্ডের তারকা পেসার ডেভিড পেইনের পরিবর্ত হিসেবে তাঁকে দলে নিল সানরাইজার্স। আইপিএলের বাকি ম্যাচ তিনি খেলবেন। 

কোয়েটজিকে পেইনের তুলনায় ৫০ লক্ষ টাকা বেশি পারিশ্রমিক দেওয়া হয়েছে। ইংলিশ পেসার পেইনকে ১.৫ কোটি টাকায় দলে নেওয়া হয়েছিল। কোয়েটজিকে ২ কোটি টাকায় দলে নেওয়া হয়েছে। 

পেইন এবারের আইপিএলে দু'টি ম্যাচ খেলেন। দু'টি উইকেট নিয়েছেন তিনি। তবে ৩৫ বছর বয়সী এই বোলারের গোড়ালিতে চোট লাগায় বাকি মরশুম খেলতে পারবেন না। 
কোয়েটজি এর আগে দু'টি আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। ২০২৪ সালে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১০ ম্যাচে ১৩ উইকেট নেন। 
২০২৫ সালে তিনি গুজরাট টাইটান্সের হয়ে ৪ ম্যাচ খেলেন এবং মাত্র ২ উইকেট নেন। তিনি ৮৫টি টি-টোয়েন্টি ম্যাচে ১০৯টি উইকেট নেন।  যার মধ্যে পাঁচবার চার উইকেট নিয়েছেন। 
নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সারির দল খেলে।  কোয়েটজি খেলেন দক্ষিণ আফ্রিকার হয়ে।  তিনি সিরিজে ৮টি উইকেট নেন।