আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের মাঝপথে বড় সড় ধাক্কা খেল সানরাইজার্স হায়দরাবাদ। দলের তারকা পেসার ডেভিড পেইন গোড়ালির চোটের জন্য পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন।
জ্যাক এডওয়ার্ডসের পরিবর্ত হিসেবে ১.৫ কোটি টাকায় দলে নেওয়া হয়েছিল ৩৫ বছর বয়সী ইংল্যান্ডের বাঁ হাতি ফাস্ট বোলার পেইনকে। তবে তিনি চলতি মরশুমে মাত্র দু'টি ম্যাচ খেলতে পেরেছেন।
তাঁর সেরা পারফরম্যান্স ছিল আরসিবি-র বিরুদ্ধে। তিনি ৩৫ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।
সানরাইজার্স সরকারি ভাবে জানিয়েছে, ''ডেভিড পেইন গোড়ালির চোটের কারণে আইপিএল ২০২৬ থেকে ছিটকে গিয়েছেন। ওর দ্রুত সুস্থতা কামনা করছি।''
হায়দরাবাদের পরবর্তী ম্যাচ ১৮ এপ্রিল। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। সানরাইজার্স এখনও পর্যন্ত ৫টি ম্যাচে জিতেছে ২টিতে। পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে তারা।
সম্প্রতি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৫৭ রানের দাপুটে জয় পেয়েছে সানরাইজার্স। এই মরশুমে এটা তাদের দ্বিতীয় জয়। এই জয়ে বড় ভূমিকা ছিল প্রফুল হিঙ্গে ও সাকিব হুসেনের। দু’জনেই ৪টি করে উইকেট নিয়ে রাজস্থানের ব্যাটিং লাইন আপ ভেঙে দেন।
এর আগে সানরাইজার্স জিতেছিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে।
তবে সামগ্রিকভাবে সানরাইজার্স কিন্তু ধারাবাহিকতা দেখাতে পারেনি। ইতিমধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, লখনউ সুপার জায়ান্টস এবং পাঞ্জাব কিংসের কাছে হার মেনেছে সানরাইজার্স।















