আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে সাত নম্বর ম্যাচে এসে প্রথমবার জয় পেল কলকাতা নাইট রাইডার্স। হতশ্রী অবস্থা বলতে যা বোঝায়, তাই পরিস্থিতি নাইট শিবিরের।
প্লে-অফে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে দ্রুত ঘুরে দাঁড়াতে হবে কেকেআরকে।
২৬ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের সামনে কেকেআর।
মাঝে সাত দিনের বিরতি। তরতাজা হয়ে নামতে পারবেন নাইটরা। নিজেদের ভুলগুলো বিশ্লেষণ করে নতুন করে ঘুরে দাঁড়াতে পারবে কেকেআর।
তিনবারের আইপিএল জয়ীদের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে কেকেআরের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার শেল্ডন জ্যাকসন জানান, খুব দ্রুত কোনও সিদ্ধান্তে পৌঁছে যাওয়া ঠিক নয়। তার মতে, এখনই কোনও চূড়ান্ত মূল্যায়ন করা উচিত নয়।
তিনি বলেন, ''আমরা অনেক সময়ে খুব দ্রুত খেলোয়াড় ও দলের পারফরম্যান্স নিয়ে বিচার করি। কিন্তু এই দলই একসময়ে সাফল্য এনেছে। এখন হয়তো সঠিক সিদ্ধান্ত বা পরিকল্পনা ঠিকমতো হচ্ছে না। সেটা একাদশ নির্বাচন বা ব্যাটিং অর্ডার।”
তিনি আরও যোগ করেন, ''খেলোয়াড়দের ফর্ম ওঠানামা করেই। প্রত্যেক বছর কেউ ৭০০-৮০০ রান করতে পারে না, আর বোলাররাও সবসময় ২০-৩০ উইকেট নিতে পারে না। দলহিসেবে খেলতে না পারলে জয় পাওয়া সম্ভব নয়। কিন্তু ছন্দ ফিরলে এই কেকেআরকে থামানো কঠিন।''
কেকেআরের অতীত সাফল্যের কথা উল্লেখ করে শেল্ডন বলেন, ''কেকেআর আগে অনেকবার কঠিন পরিস্থিতি থেকে ফিরে এসে ফাইনাল বা ট্রফি জিতেছে। তাই এখনও আশা আছে।''
অভিষেক নায়ারকে সময় দেওয়ার আহ্বান করেছেন শেল্ডন জ্যাকসন।
তিনি বলেন, ''গৌতম গম্ভীরের সাফল্যের সঙ্গে তুলনা করা সহজ নয়। তবে অভিষেক নায়ারকে সময় দেওয়া উচিত।''
জ্যাকসন আরও বলেন, ''গৌতম গম্ভীর যা করেছেন, তা অতুলনীয়। কিন্তু এখন দায়িত্ব পেয়েছেন অভিষেক নায়ার। তাঁকে সময় দিতে হবে।''
শেল্ডন আরও যোগ করেন, ''আমি ওর সঙ্গে কাজ করেছি। অত্যন্ত পরিশ্রমী মানুষ। সকাল থেকে রাত পর্যন্ত খেলোয়াড়দের উন্নতির জন্য কাজ করেন। যদি কাউকে দায়িত্ব দেওয়া হয়, তবে তাঁকে সময় দেওয়াও জরুরি।''
বর্তমান পরিস্থিতিতে কেকেআরের সামনে চ্যালেঞ্জ কঠিন হলেও দলের অভিজ্ঞতা ও প্রত্যাবর্তনের অতীত ইতিহাস তাদের জন্য এখনও আশা জাগিয়ে রাখছে।















