আজকাল ওয়েবডেস্ক:চিপকে আইপিএলের এল ক্লাসিকো। মুম্বইয়ের সামনে চেন্নাই। এই ম্যাচের আগে মুম্বই শিবিরে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে জশপ্রীত বুমরাহর ফর্মহীনতা।
ভারতের প্রাক্তন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন চ্যাম্পিয়ন বোলার বুমরাহর বর্তমান পারফরম্যান্স নিয়ে খোলাখুলি মত প্রকাশ করেছেন।
তাঁর মতে, দীর্ঘ মরশুমের ক্লান্তিই হতে পারে এই তারকা পেসারের ছন্দপতনের অন্যতম কারণ।
অশ্বিন বলেন, “জশপ্রীত বুমরাহ এই মরশুমে নিজের ছন্দের ধারেপাশে নেই। সাম্প্রতিক সময়ে ওর স্লোয়ার বলের ব্যবহার বাড়ছে, যা ওর স্বাভাবিক স্টাইল নয়। হয়তো দীর্ঘ সময় ধরে খেলার চাপেই এমনটা হচ্ছে।''
তবে অশ্বিন স্পষ্ট করেছেন যে শুধুমাত্র বুমরাহর খারাপ ফর্মই মুম্বই ইন্ডিয়ান্সের ব্যর্থতার কারণ নয়। তিনি বলেন, ''দলের সামগ্রিক বোলিং পারফরম্যান্সই চিন্তার বিষয়। প্রতি ওভারে ১০ রানের নিচে আটকাতে পারছে না তারা।''
এই মরশুমে বুমরাহর পরিসংখ্যানও যথেষ্ট উদ্বেগজনক। আটটি ম্যাচে মাত্র দু'টি উইকেট। যা তাঁর সঙ্গে একেবারেই বেমানান।
এবার প্রতিপক্ষ ব্যাটারদের কৌশলেও এসেছে বড় পরিবর্তন। আগে যেখানে বুমরাহকে দেখে সাবধানে খেলত দলগুলো, এখন শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলছে তারা। ফলে প্ল্যান বিতে যেতে বাধ্য হচ্ছেন বুমরাহ। তাঁর কেরিয়ারের এটাই বিরল দৃশ্য।
তবে চলতি আইপিএল প্রায় শেষের পথে। এমন পরিস্থিতিতে চাপমুক্ত হয়ে নিজের স্বাভাবিক খেলায় ফিরতে পারেন বুমরাহ, এই আশাতেই রয়েছেন মুম্বই সমর্থকরা।















