আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ড রাজস্থান রয়্যালসের টিম ম্যানেজার রোমি ভিন্ডারের বিরুদ্ধে দুর্নীতি দমন প্রোটোকল লঙ্ঘনের অভিযোগে তদন্ত শুরু করেছে। বেঙ্গালুরু-রাজস্থান ম্যাচ চলাকালীন ডাগ আউটে বসে থাকা অবস্থায় রোমিকে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা গিয়েছে। বৈভব সূর্যবংশীর পাশে বসে ফোন ব্যবহার করতে দেখা যায় তাঁকে। 

ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্ক তৈরি হয়। আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদিও এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রোমিকে ইতিমধ্যেই বিসিসিআি-এর অ্যান্টি করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট  একটি নোটিস পাঠিয়েছে। 

তদন্তের অংশ হিসেবে তাঁকে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। কেন তিনি ফোন ব্যবহার করছিলেন তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। 

আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অরুণ ধুমাল সেই সংবাদ মাধ্যমকে বলেছেন,
''আমরা এসিএসইউ-কে এই ঘটনার তদন্ত করে একটি প্রতিবেদন জমা দিতে বলেছি।”

রাজস্থান রয়্যালসের টিম ম্যানেজার অতীতেও গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগেছেন এবং নাগপুরে দীর্ঘ সময় ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। 

যদিও স্বাস্থ্যগত কারণে তাঁকে ডাগআউটে ফোন রাখার অনুমতি দেওয়া হয়েছে, তবুও সেখানে বসে ফোন ব্যবহার করার অনুমতি তাঁর নেই।

স্বাস্থ্যজনিত কারণে ১০ কেজিরও বেশি ওজন কমেছে রোমির। হাঁপানি আছে, যার জন্য তাঁকে দীর্ঘ পথ হাঁটা বা বারবার সিঁড়ি ওঠানামা করা নিষিদ্ধ। তিনি দলের সঙ্গে রয়েছেন এবং বিভিন্ন দায়িত্বও পালন করেছেন। তাই তিনি নিয়ম-কানুন জানেন, কিন্তু ফোনটি তাঁর কাছে ছিল চিকিৎসাগত কারণে। 

প্রোটোকল অনুযায়ী ডাগআউটে মোবাইল ও ল্যাপটপ রাখা অনুমোদিত। তবে ফোন ব্যবহার করা যাবে না। রোমি কোনও কল করেননি বা কল গ্রহণও করেননি, শুধু ফোন স্ক্রল করছিলেন। তিনি বিষয়টি এসিএসইউ কর্তাদের কাছে ব্যাখ্যা করবেন। 

ঘটনাটি আরও বিতর্কের জন্ম দেয় কারণ রোমিকে ডাগ আউটে রাজস্থান রয়্যালসের  বৈভব সূর্যবংশীর পাশে বসে ফোন ব্যবহার করতে দেখা যায়।