আজকাল ওয়েবডেস্ক:চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসের ম্যাচ ঘিরে বড় বিতর্ক তৈরি হয়েছে।
শুক্রবারের ওই ম্যাচে রাজস্থান রয়্যালসের টিম ম্যানেজার রোমি ভিন্দরকে ডাগ আউটে বসে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা যায়, যা আইপিএল ও বিসিসিআই-এর পিএমওএ-র (প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়া) নিয়ম অনুযায়ী নিষিদ্ধ।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা যায়, ম্যাচের ১১-তম ওভারের সময় ভিন্দর ডাগআউটে বসে ফোন ব্যবহার করছেন এবং তাঁর পাশে বসেছিলেন রাজস্থানের ১৫ বছর বয়সী তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। অভিযোগ, এই সময়ে ফোনের স্ক্রিনে অন্য ক্রিকেটাররাও
নজর দেন।
আইপিএলের পিএমওএ প্রোটোকল ২০২৬ অনুযায়ী, টিম ম্যানেজাররা ড্রেসিং রুমে ফোন ব্যবহার করতে পারেন, কিন্তু ডাগআউটে ফোন ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়মে আরও বলা হয়েছে, নির্দিষ্ট কিছু সদস্য ছাড়া পিএমওএ এলাকায় মোবাইল বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অনুমতি নেই।
ঘটনাটি সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে ক্রিকেট মহলে ও সোশ্যাল মিডিয়ায়। এক আইপিএল কর্মকর্তা সংবাদমাধ্যমে জানান, বিষয়টি গুরুতর এবং তদন্তের পরই সিদ্ধান্ত নেওয়া হবে।
— Cricket Iconic (@ankanghosh335)Tweet by @ankanghosh335
এদিকে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদি এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছেন, ডাগআউটে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইপিএল অ্যান্টি করাপশন ইউনিটের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।
Having a MOBILE PHONE IN THE DUGOUT - is a COMPLETELY A NO NO. did this really happen. I hope not. If it did. Then @IPL governing council needs to take IMMEDIATE ACTION https://t.co/AaZpz4KAoL
— Lalit Kumar Modi (@LalitKModi)Tweet by @LalitKModi
বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে আইপিএল গভর্নিং কাউন্সিলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষা করা হচ্ছে। রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু—দুই ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।















