আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনটি ইনিংস খেলে। অথচ একসময়ে তাঁকে থাকতে হয়েছে দলের বাইরে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে তাঁর 'গাণ্ডীব' কথা বলেছিল। সঞ্জু ছড়িয়ে দিয়েছিলেন আলো। ভারতও বিশ্বকাপ জিতে নিয়েছিল সঞ্জুর দাপটে।  

কিন্তু আইপিএল শুরু হতেই সমালোচিত হতে থাকেন সঞ্জু স্যামসন। রান পাচ্ছিলেন না। ছন্দ হারিয়েছিলেন। তার উপরে চেন্নাই সুপার কিংস লাগাতার ব্যর্থ হচ্ছিল। সেই সঞ্জু স্যামসন দিল্লির বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকালেন।তাঁর দিকে ধেয়ে আসা সমালোচনার ঝড় ব্যাট হাতেই উড়িয়ে দিলেন। শনি সন্ধ্যায় গড়েন নতুন নজির। 

তিনটি ব্যর্থ ইনিংসের পরে অনবদ্য সেঞ্চুরি হাঁকালেন তিনি। রানে ফিরলেন সঞ্জু, সেঞ্চুরি হাঁকালেন, চেন্নাই সুপার কিংসও জয়ের রাস্তা ধরল। চলতি মরশুমের আইপিএলে প্রথম জয় ছিনিয়ে নিল চেন্নাই সুপার কিংস।

প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস ২ উইকেটে ২১২ রান করে সিএসকে। শেষ পর্যন্ত ১৮৯ রানে অলআউট হয়ে যায় দিল্লি।

চেন্নাই-দিল্লি ম্যাচে এক পর্যায়ে বিতর্কেরও সৃষ্টি হয়। ইনিংসের ১৯-তম ওভারে ট্রিস্টান স্টাবস গ্লাভস পরিবর্তনের আবেদন জানালে তা নাকচ করে দেন আম্পায়ার। 

এতে আপত্তি জানান দিল্লির কয়েকজন ক্রিকেটার।  তাঁদের মধ্যে নীতীশ রানাও ছিলেন। তাঁর বক্তব্য, ভেজা গ্লাভস নিয়ে খেলা খেলোয়াড়ের পারফরম্যান্স ও নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে।

এর কিছুক্ষণ পরেই ১৯তম ওভারের তৃতীয় বলে স্টাবস জেমি ওভারটনকে মিড-অফের উপর দিয়ে মারতে গিয়ে আউট হন। ক্যাচ ধরেন নূর আহমেদ। আউট হওয়ার পর ক্ষোভে ব্যাট ও গ্লাভস ছুঁড়ে ড্রেসিংরুমে ফেরেন স্টাবস।

উল্লেখ্য, আউট হওয়ার আগেই স্টাবস গ্লাভস বদলানোর অনুরোধ করেছিলেন, কিন্তু চতুর্থ আম্পায়ার সেই আবেদন খারিজ করে দেন, যা নিয়ে ম্যাচ শেষে আলোচনাও হয়।