আজকাল ওয়েবডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে হার্দিক পাণ্ডিয়ার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে বলে দাবি করা হয়েছে একটি রিপোর্টে। চলতি মরশুমে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন এই দলের পারফরম্যান্স ঘিরে তৈরি হওয়া অস্থিরতা এবং ড্রেসিংরুমের ভিতরের পরিবেশ নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, ২০২৪ আইপিএলের আগে গুজরাট টাইটান্স থেকে ট্রেডের মাধ্যমে হার্দিক পাণ্ডিয়াকে দলে ফিরিয়ে আনে মুম্বই ইন্ডিয়ান্স। এরপরই তাঁকে অধিনায়ক করা হয়, নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় রোহিত শর্মাকে। কিন্তু সেই সিদ্ধান্তের পর থেকেই দলের ভিতরের পরিবেশ আগের মতো নেই বলে দাবি করা হচ্ছে।

আইপিএল-এর একটি দলের ঘনিষ্ঠ সূত্রকে উদ্ধৃত করে রিপোর্টে বলা হয়েছে, হার্দিক ফিরে আসার পর থেকেই ড্রেসিংরুমে মতবিরোধ ও বিভাজন বেড়ে গিয়েছে। পাশাপাশি দলের ভিতরের তথ্য বাইরে ফাঁস হওয়ার ঘটনাও ম্যানেজমেন্টের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সূত্রের বক্তব্য অনুযায়ী, ''প্রতিটি ড্রেসিংরুমেই মতভেদ থাকে, কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সে এই বিভাজন ও তিক্ততা অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। দলটি সবসময়েই তাদের কোর গ্রুপের জন্য পরিচিত ছিল, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন।''

রিপোর্টে আরও বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় কিছু খেলোয়াড়ের ইমোজি পোস্টকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল, তা নিয়েও ম্যানেজমেন্ট সন্তুষ্ট নয়। দলের শৃঙ্খলা, খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজ এবং মাঠের পারফরম্যান্স—সব মিলিয়ে পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে বলে দাবি করা হয়েছে।

এছাড়া ম্যানেজমেন্ট ভবিষ্যতে ড্রেসিংরুমের গোপনীয়তা ফাঁসের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করতে পারে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।