আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স বোলারদের হতাশাজনক পারফরম্যান্স অব্যাহত। দলের প্রধান বোলার জশপ্রীত বুমরাহও এই মরশুমে নিজের সেরা ছন্দে নেই। যদিও তাঁর ইকোনমি রেট সতীর্থদের তুলনায় ভাল, তবুও উইকেট সংখ্যায় তা প্রতিফলিত হচ্ছে না।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বুমরাহ কোনও উইকেট পাননি। উল্টে ৫৬ রান দিয়েছেন। টি-টোয়েন্টি কেরিয়ারের চতুর্থ সর্বাধিক ব্যয়বহুল স্পেল এটাই। এই হারের ফলে মরশুমে পঞ্চম পরাজয়ের মুখ দেখল মুম্বই। পাঁচবারের চ্যাম্পিয়নরা এবার ভাল ছন্দে নেই।
ম্যাচের পর দলের ব্যাটিং কোচ কাইরন পোলার্ড সাংবাদিক বৈঠকে বলেন, ''একজন ক্রিকেটার খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতেই পারে। বুমরাহ বহু বছর ধরে দলকে সাফল্য এনে দিয়েছে। একজন মানুষ হিসেবে বুমরাহও ভুল করতে পারে। আমরা বর্তমান নিয়ে কথা বলি, কিন্তু অতীতে তাঁর অবদান ভুলে গেলে চলবে না।''
সমালোচকদের উদ্দেশে পোলার্ড আরও বলেন, ''ক্রিকেটাররা সবসময়ে জনসমক্ষে থাকে। ফলে খারাপ করলে তা বেশি করে চোখে পড়ে। সাধারণ মানুষের মতো আমাদের ভুল সংশোধনের সুযোগ থাকে না। তাই একটু ছাড় দেওয়া উচিত।''
তবে বুমরাহর উপর আস্থা হারাচ্ছেন না পোলার্ড। তাঁর বিশ্বাস, ভারত ও মুম্বইয়ের এই তারকা পেসার দ্রুতই ঘুরে দাঁড়াবেন বলে মনে করছেন পোলার্ড। ক্যারিবিয়ান পেসার বলেন, ''আমি জানি বুমরাহ আরও শক্তিশালী হয়ে ফিরবে এবং আবার সবাই বুমরাহর প্রশংসা করবেন।''
চলতি আইপিএলে বুমরাহ এখনও পর্যন্ত মাত্র ২টি উইকেট নিয়েছেন। ২০১৫ সালের পর এই প্রথম এমন পারফরম্যান্স বুমরাহর।
মুম্বই ইন্ডিয়ান্স ইতিমধ্যে ছ'টি ম্যাচ হেরে গেলেও এখনই টুর্নামেন্ট থেকে ছিটকে যায়নি। প্লে-অফে উঠতে হলে প্রতিটি ম্যাচই মুম্বইয়ের কাছে 'ডু অর ডাই'।















