আজকাল ওয়েবডেস্ক: কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের আনন্দের অন্ত ছিল না, যখন  তাঁরা অবশেষে লখনউ সুপার জায়ান্টস-এর বিরুদ্ধে জয়ের পর মাতিশা পাথিরানাকে দলের সঙ্গে যোগ দিতে দেখলেন। 

১৮ কোটি টাকায় নিলামে কেনা এই পেসার ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে ছিলেন।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছ থেকে এনওসি পাওয়ার পর পাথিরানা ১৯ এপ্রিল কলকাতায় পৌঁছন এবং পরের দিন সাপোর্ট স্টাফদের সঙ্গে প্রথমবার অনুশীলন করেন। তিনি লখনউ সফরের সময়ে দলের সঙ্গে ছিলেন, তবে তখনও কেকেআরের হয়ে অভিষেকের জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন না। এখন তিনি নিজের প্রস্তুতি আরও বাড়িয়েছেন এবং আগের থেকে ভাল জায়গায় রয়েছেন। তাহলে কি সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে পাথিরানাকে কেকেআরের প্রথম একাদশে দেখা যাবে?
টিম সাউদি জানিয়েছেন, পাথিরানা খেলবেন কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে মাঠের পরিস্থিতির উপর। 

এরপর দলের ভারসাম্য বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
সাউদি বলেন, ''হ্যাঁ, পাথিরানা এসেছে। কিছুদিন ধরে দলের সঙ্গে রয়েছে। তাই আমরা পরিস্থিতি দেখব এবং আগামী ম্যাচের জন্য সেরা দল কী হতে পারে, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব। অনুশীলনে ভাল বল করছে এবং ওকে দলে পেয়ে আমরা খুশি।''

আইপিএলে ফর্মে থাকা  ক্লাসেনের বিরুদ্ধে পাথিরানার রেকর্ড ভাল। তিনি ক্লাসেনকে তিনবার আউট করেছেন এবং ১৪ বলে মাত্র ২৩ রান দিয়েছেন।

সাউদি স্বীকার করেছেন, নির্বাচন প্রক্রিয়ায় এসব বিষয় বিবেচনায় রাখা হবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত ম্যাচের দিনই নেওয়া হবে।
তিনি বলেন, ''দল নির্বাচনের ক্ষেত্রে অনেক বিষয় বিবেচনা করতে হয়। দলের ভারসাম্য, গঠন, সবকিছুই গুরুত্বপূর্ণ। আইপিএলে বিদেশি খেলোয়াড়দের কারণে দল গঠনে পরিবর্তন আনতে হয়। তাই এসব বিষয় এবং আগামী ম্যাচের পরিস্থিতি মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে।''

আইপিএলে পাথিরানা হায়দরাবাদের বিরুদ্ধে তিনটি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি তিনটি উইকেট নিয়েছেন।