আজকাল ওয়েবডেস্ক: শেষ ওভারে অর্শদীপ সিংয়ের চার বল খেলে একটি বাউন্ডারির বেশি মারতে না পারায় আক্ষেপ থাকতেই পারে লোকেশ রাহুলের।

শেষের সেই মুহূর্তে রানের গতি আরও একটু বাড়াতে পারলে আরও বেশি রান হতেই পারত। তবে সেই আক্ষেপ ছাপিয়ে গিয়েছে তাঁর অসাধারণ এক ব্যাটিং প্রদর্শনীতে। আইপিএলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৬৭ বলে অপরাজিত ১৫২ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন দিল্লি ক্যাপিটালসের লোকেশ রাহুল।

এই ইনিংসের মাধ্যমে তিনি গড়েছেন নতুন ইতিহাস। আইপিএলে এখনও পর্যন্ত কোনও ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর এটি।

অরুণ জেটলি স্টেডিয়ামে ওপেন করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করেন রাহুল। তাঁর ব্যাট থেকে আসে ১৬টি চার ও ৯টি ছক্কা। মাত্র ৪৭ বলে ঝোড়ো সেঞ্চুরি করেন, যা আইপিএলে তাঁর কেরিয়ারের দ্রুততম সেঞ্চুরিও।

রাহুলের এই ইনিংসের উপর ভর করে দিল্লি ক্যাপিটালস তোলে ২ উইকেটে ২৬৪ রান। ফ্র্যাঞ্চাইজিটির আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

এই ইনিংসের মাধ্যমে রাহুল ছাপিয়ে যান অভিষেক শর্মার ১৪১ রানের রেকর্ড। একইসঙ্গে টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিকও এখন তিনিই।

তবে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ইনিংসের তালিকায় এখনও শীর্ষে রয়েছেন ক্রিস গেইল (অপরাজিত ১৭৫) এবং ব্রেন্ডন ম্যাককালাম (অপরাজিত ১৫৮)। রাহুল কাছে গিয়েও সেই দূরেই থেকে গেলেন।