আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেটমহলে এখন একটাই নাম ঘুরছে। তিনি ১৫ বছরের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। বাঁ হাতি এই প্রতিভা আবারও ব্যাট হাতে ঝড় তুলেছেন প্লে অফে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২৯ বলে ৯৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। গুজরাটের বিরুদ্ধেও তাঁর ব্যাট কথা বলে। ৪৭ বলে ৯৬ রানের ইনিংস খেলেন তিনি। 

রাজস্থান রয়্যালস ১.১ কোটি টাকায় বৈভবকে দলে নিয়েছিল, যা এখন অনেকের কাছেই 'বাজেট ডিল' বলে মনে হচ্ছে। এই বয়সেই সূর্যবংশীকে নিয়ে প্রচুর কালি খরচ হচ্ছে। 

হাউজিভিটি.কমের তথ্য অনুযায়ী, সূর্যবংশীর মুম্বইয়ে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ২.৫ কোটি থেকে ৩ কোটি টাকা। 

এর পাশাপাশি বিহারের সমস্তিপুর জেলার তাজপুরে তাঁর পৈতৃক বাড়ির মূল্য প্রায় ৪০ থেকে ৬০ লক্ষ টাকা।

আইপিএল থেকে তাঁর আয়ও উল্লেখযোগ্য। রাজস্থান রয়্যালসের সঙ্গে চুক্তি অনুযায়ী তিনি প্রতি বছর ১.১ কোটি টাকা পারিশ্রমিক পান। এটি তাঁর আইপিএল ২০২৫ মেগা নিলামের চুক্তির ভিত্তিতে নির্ধারিত।

এর পাশাপাশি প্রতি ম্যাচে তিনি পান ৭.৫ লক্ষ টাকা করে ম্যাচ ফি। এখন পর্যন্ত তিনি ২২টি ম্যাচ খেলেছেন, ফলে ম্যাচ ফি থেকে তার আয় দাঁড়ায় প্রায় ১.৬৫ কোটি টাকা।

নানা পুরস্কার ও উপহার ইতিমধ্যেই পেয়েছেন। আইপিএল ২০২৫ মরশুমে সর্বোচ্চ স্ট্রাইক রেটের জন্য তিনি একটি টাটা কুর্ভ ইভি (মূল্য প্রায় ১৭ লক্ষ টাকা) পান।  এছাড়া একটি মার্সিডিজ বেঞ্জ উপহার হিসেবে পেয়েছেন বলে গালফ নিউজ জানিয়েছে।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার তাঁকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ম্যাচজয়ী পারফরম্যান্সের জন্য ৫০ লক্ষ টাকার নগদ পুরস্কার প্রদান করেন।

সব মিলিয়ে তাঁর ক্রমবর্ধমান স্পনসরশিপ ও আয়ের উৎস বিবেচনায় বৈভবের মোট সম্পত্তির পরিমাণ বর্তমানে প্রায় ৭ কোটি টাকা ধরা হলেও, বিশেষজ্ঞদের মতে বিজ্ঞাপন ও ব্র্যান্ড ডিল যুক্ত হলে এই অঙ্ক ১০ কোটিরও বেশি হতে পারে।