আজকাল ওয়েবডেস্ক: আইপিএল-জয়ী অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। গুজরাট টাইটান্সকে চ্যাম্পিয়ন করলেও মুম্বই ইন্ডিয়ান্সে এখনও পর্যন্ত হার্দিক পাণ্ডিয়া ভাল কিছু করতে পারেননি।
দলে ফিরে প্রথম বছরেই রোহিত শর্মার জায়গায় অধিনায়ক হওয়ায় সমর্থকদের বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়তে হয়েছিল পাণ্ডিয়াকে।
২০২৫ আইপিএলে প্লে-অফে উঠলেও ফাইনালে পৌঁছতে পারেনি মুম্বই। আর চলতি় আইপিএলে পরিস্থিতি আরও কঠিন। আট ম্যাচের মধ্যে ছ'টিতে হার। প্লে-অফে ওঠার আশা এখন টিকে আছে মুম্বইয়ের। তবে রয়েছে কিছু সমীকরণ।
এই পরিস্থিতিতে প্রাক্তন ক্রিকেটার সাইমন ডুল ও বাংওয়া মুম্বই ক্যাপ্টেন পাণ্ডিয়ার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন। ডুল বলেন, ''আগামী মরশুমে দলের অধিনায়ক কে হবেন, সেটাই বড় প্রশ্ন। যদি হার্দিক না হয়, তাহলে ওকে ছেড়ে দেওয়াই ভাল। টানা তিন বছর দল ও ব্যক্তিগত পারফরম্যান্স খারাপ হলে একই পরিবেশে ফিরে পারফর্ম করা কঠিন হতে পারে।''
ডুল আরও বলেন, অধিনায়কত্ব ছেড়ে দিলে পাণ্ডিয়া নিজের খেলায় মনোযোগ দিতে পারবেন কি না, তা স্থির নয়। এটা পাণ্ডিয়াকে মুক্তিও দিতে পারে, আবার ব্যর্থতার অনুভূতি আঘাত করতে পারে।
চলতি আইপিএলে হার্দিকের পারফরম্যান্স মাঝারি মানের। সাত ম্যাচে ১২৮ রান করেন। বল হাতে নেন চারটি উইকেট।
এদিকে, সানরাইজার্স হায়দরাবাদের কাছেও হার মেনেছে মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচে জশপ্রীত বুমরাহ চার ওভার হাত ঘুরিয়ে ৫৪ রান দেন। কিন্তু তাঁর ঝুলিতে নেই কোনও উইকেট।
ম্যাচ শেষে পাণ্ডিয়া বলেন, ''এই মরশুমে আমাদের হাতে খুব বেশি বিকল্প নেই। কীভাবে বদল আনা যায়, সেটা দেখতে হবে। আমি বোলারদের দোষ দেব না, পুরো দল হিসেবেই আমরা মুম্বই ইন্ডিয়ান্সের মান অনুযায়ী খেলতে পারিনি।''
মুম্বই ইন্ডিয়ান্স এখন ৯ নম্বরে। খারাপ সময় কীভাবে কাটিয়ে ওঠা সম্ভব, তা নিয়ে চিন্তাভাবনা করছেন হার্দিক পাণ্ডিয়া।















